সাত মাস পর চট্টগ্রাম দুবাই রুটে ফ্লাইদুবাই এয়ারলাইন্সের ফ্লাইট চালু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

দীর্ঘ প্রায় এক বছর সাত মাস বন্ধ থাকার পর অবশেষে সংযুক্ত আরব আমীরাতের ফ্লাইদুবাই এয়ারলাইন্স চট্টগ্রামদুবাই রুটে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে। গতকাল বুধবার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইর কার্যক্রম শুরু হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২৪ সালের ৩১ আগস্ট এই রুটে ফ্লাইদুবাই ফ্লাইট পরিচালনা করেছিল। এরপর বিভিন্ন সীমাবদ্ধতার কারণে দীর্ঘ সময় আন্তর্জাতিক রুটের এই ফ্লাইট বন্ধ ছিল।

তবে সিভিল এ্যাভিয়েশন ও বিমানবন্দর কর্তৃপক্ষের প্রচেষ্টায় গতকাল থেকে পুনরায় ফ্লাইট চালু হয়েছে। প্রথম দিনে গতকাল সকাল ৮টা ৪৫ মিনিটে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফজেড ৫৬৩ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। পরে সকাল ৯টা ৪৫ মিনিটে এফজেড ৫৬৪ ফ্লাইটে যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। নতুন সূচি অনুযায়ী, ফ্লাইদুবাই দুবাইচট্টগ্রাম রুটে প্রতিদিন একটি আগমনী ও একটি বহির্গমন ফ্লাইট পরিচালনা করবে। ফলে সপ্তাহে মোট ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক যাত্রী চলাচলে নতুন গতি আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, এই রুট পুনরায় চালুর ফলে প্রবাসী যাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ ও সুবিধাজনক হবে। চট্টগ্রামের মানুষের জন্য দুবাইসহ বিশ্বের নানা দেশের সাথে আন্তর্জাতিক রুটে যোগাযোগ অনেক সহজ হবে বলেও তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধআড়াই মাসেও নিয়োগ হয়নি নতুন বিচারক
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫