নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়

মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ৮:৫৩ পূর্বাহ্ণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় একাত্তরের বীর শহীদদের স্মরণ করেছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। তারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেছে। ২৬ মার্চ সকালে আলো ফোটার সাথে সাথে উত্তর কাট্টলী অস্থায়ী স্মৃতিসৌধের শান্ত প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের পদচারণায়, যারা কেবল ফুল নয়, হৃদয়ের গভীর শ্রদ্ধা নিয়ে হাজির হয়েছিলেন স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে।

২৬ মার্চ সকাল ৬টা ২৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম। দিনের শুরুতে শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। পরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এবং পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশসহ অন্যরা।

বেলা বাড়ার সাথে সাথে স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের সংখ্যা বাড়তে থাকে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের আমেজ পায়। বিশেষ করে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতি অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। এছাড়া নগরীর ২ নং গেট বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন সকাল ৮টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে পুলিশ, আনসারভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি এবং নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউটস ও গার্ল গাইডস সদস্যরা অংশগ্রহণ করে। বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে। এছাড়া বিকালে জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আজ মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জিত এই মহান স্বাধীনতা। এই স্বাধীনতা দিবসের প্রত্যয় হচ্ছে, সবার আগে বাংলাদেশকে রেখে, বাংলাদেশের স্বার্থ সবার উপরে রেখে আমরা যেন দেশকে এবং দেশের মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারি।

শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মহান স্বাধীনতা দিবসে আমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। যারা আত্মত্যাগের মাধ্যমে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাদের অবদান জাতি কখনো ভুলবে না। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রদানকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধে দেশের পক্ষে অবদান রাখা সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব।

নগর বিএনপি : স্বাধীনতার পর বিভিন্ন সময়ে দেশে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তির উত্থান গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত এবং আইনের শাসন ও জবাবদিহিতার চর্চাকে দুর্বল করেছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এতে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেও দাবি করেন তিনি। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে গত বৃহস্পতিবার সকালে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ তিনি এ কথা বলেন। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে বক্তব্য রাখেন আবু সুফিয়ান এমপি। সঞ্চালনা করেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন ও মঞ্জুরুল আলম।

দক্ষিণ জেলা বিএনপি : বিপ্লব উদ্যানে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, রেজাউল করিম নেছার, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, মাস্টার মোহাম্মদ রফিক, সাজ্জাদুর রহমান, ফৌজুল কবির ফজলু, ইখতিয়ার হোসেন চৌধুরী ইফতু ও দেলোয়ার আজিম।

আবু সুফিয়ান এমপি : চট্টগ্রাম৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, ৭১ সালে জাতির ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই সর্বপ্রথম ‘উই রিবোল্ট’ বলে পশ্চিমা হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আর যারা স্বাধীনতার সোল এজেন্ট দাবিদার, তারা ভয়ে ইঁদুরের গর্তে পালিয়ে গিয়েছিল। শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল।

গত বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য খোরশেদ আলম, মোহাম্মদ তৈয়ব, এম আই চৌধুরী মামুন, জাকির হোসেন, শাহ আলম, ইয়াছিন চৌধুরী আসু, ইউনুস চৌধুরী হাকিম, নকিব উদ্দিন ভূঁইয়া, এড. ফরিদ, এয়াকুব চৌধুরী নাজিম ও আজগর।

সাঈদ আল নোমান এমপি : সাঈদ আল নোমান এমপি নগরীর বিপ্লব উদ্যানে গত বৃহস্পতিবার শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের। এ সময় তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। এই আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই আমরা গড়ে তুলতে চাই একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি হাজী বাবুল হক, আব্দুল আলীম স্বপ্ন, তোফাজ্জল হোসেন, দাদন দড়ি সুরুজ, রেজাউল করিম মিন্টু, জমির উদ্দিন নাহিদ, মো. জাকির, শেখ রাসেল, আব্দুল হাই, আব্দুল করিম ভুট্টো।

নগর স্বেচ্ছাসেবক দল : বিপ্লব উদ্যানে মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর রাজু, রাজীব উদ্দিন আকন্দ, দিদার হোসেন, হারুন অর রশিদ, মো. আলমগীর, কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন ও আরিফুর রহমান চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি তেলে সরকার প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে : প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধ৩০ ড্রামে অবৈধভাবে মজুদ ৬ হাজার লিটার ডিজেল