কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন

রেলের গেটম্যান হেলাল গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ৫:১৮ পূর্বাহ্ণ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভয়াবহ বাসট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, একটি বিভাগীয় এবং অপরটি জোনাল পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় পর্যায়ের ছয় সদস্যের তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান। অপর দিকে জোনাল পর্যায়ের ছয় সদস্যের কমিটির প্রধান করা হয়েছে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ সফিকুর রহমানকে।

বিভাগীয় তদন্ত কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন বিভাগীয় প্রকৌশলী১ আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মো. রেজওয়ানউলইসলাম, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. আশিকুর রহমান, বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা তাহমিনা ইয়াছমিন এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহ।

অন্যদিকে জোনাল তদন্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন চিফ ইঞ্জিনিয়ার (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) সাদেকুর রহমান, চিফ সিগন্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার (পূর্ব) তারেক মোহাম্মদ শামছ তুষার, চিফ চিকিৎসা কর্মকর্তা (পূর্ব) ইবনে সফি আব্দুল আহাদ এবং চিফ কমান্ড্যান্ট, আরএনবি (পূর্ব) মো. জহিরুল ইসলাম।

উল্লেখ্য, গত ২১ মার্চ শনিবার ঈদের দিন দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নারীশিশুসহ অন্তত ১২ জন নিহত হয় এবং আহত হয় আরও কয়েকজন।

এদিকে এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রেলের অস্থায়ী গেটম্যান মো. হেলালকে (৪১) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকা থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের নিচে অবস্থিত ই/৪৭ নম্বর রেলগেটের অস্থায়ী গেটম্যান ছিলেন। মামলার দ্বিতীয় আসামি এই রেলক্রসিংয়ে ওয়েম্যান মো. মেহেদী (৩৩) হাসান এখনো পলাতক। তিনি এই রেলক্রসিংয়ে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বাইকের ধাক্কায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধদৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রী নিয়ে বাস পড়ে গেল পদ্মায়, ১৬ মরদেহ উদ্ধার