মীরসরাই উপজেলার মায়ানী এলাকায় গভীর রাতের অগ্নিকাণ্ডে পুড়েছে মুদি দোকান, তিনটি ব্যাটারি রিকশা ও একটি সিএনজি টেক্সি। গত শুক্রবার রাত দেড়টায় উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী আম্বারাবার দোকান এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন ব্যবসায়ী নুরুল হুদা, সিএনজি চালক পলাশ, ব্যাটারি রিকশা চালক নুরছাপা, কামরুল ইসলাম ও জামাল উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ করে কারো দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা চারদিকে ছড়িয়ে পড়ে। দোকানের ভিতরে থাকা ফ্রিজ, টেলিভিশন ও বিভিন্ন মালামাল এবং পাশে গোডাউনে থাকা সিএনজি–অটোরিকশা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলেও ততক্ষণে দোকান, সিএনজি ও অটোরিকশা চালককের আয়ের উৎস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত নুরুল হুদা বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে মালামাল তুলেছি। ফ্রিজ, টেলিভিশনসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন একেবারে পথে বসে গেলাম। অগ্নিকাণ্ডে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সিএনজি চালক পলাশ বলেন, জমি বিক্রি করে সিএনজি কিনেছিলাম। মুহূর্তের মধ্যে আগুনে আমার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া নুরছাপা, কামরুল ইসলাম ও জামাল উদ্দিন সবাই বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যাটারি রিকশা নিয়েছে। এখনো ঋণের টাকা আদায় করতে পারে নাই।
মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।












