আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১শ উইকেট ও ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তবে বিশ্বের সব দেশ মিলিয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ডের মালিক ৩৯ বছর বয়সি অলরাউন্ডার রাজা। এর আগে টি–টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১শ উইকেট ও ৩ হাজার রান করেন মালয়েশিয়ার বিরানদীপ সিং। গত বৃহস্পতিবার রাতে, টি–টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে সুপার এইটে গ্রুপ–১–এ ভারতের বিপক্ষে বল হাতে ১ উইকেট শিকারের পর ২১ বলে ৩১ রান করেন রাজা। বোলার হিসেবে আগেই ১শ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রাজা। ভারতের বিপক্ষে কাল ব্যাট হাতে জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে ৩ হাজার রান পূর্ণ করেন তিনি। টি–টোয়েন্টিতে মালয়েশিয়ার বিরানদীপ এখন পর্যন্ত ১১১ টি–টোয়েন্টি ম্যাচে ৩ হাজার ১৮০ রান ও ১০৯ উইকেট শিকার করেছেন। ১৩২ ম্যাচ খেলে রাজা ৩ হাজার ১৬ রান করার পাশাপাশি ১০৪টি উইকেট শিকার করেন।












