নগরীর পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোডের পাশাপাশি একটি বিকল্প ফিডার রোড নির্মাণের পরামর্শ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল শনিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বাস্তবায়নাধীন রিং রোড প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এ মতামত দেন। পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসন, অর্থনৈতিক কার্যক্রম সচল রাখা এবং বিমানবন্দরগামী যান চলাচল নির্বিঘ্ন করতে রিং রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। তবে শুধু মূল রিং রোডই নয়, এর সঙ্গে কার্যকর সংযোগ সড়ক বা ফিডার রোড যুক্ত না হলে প্রত্যাশিত সুফল পুরোপুরি মিলবে না।
তিনি উল্লেখ করেন, পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত উপকূলঘেঁষা একটি ফিডার রোড নির্মাণ করা গেলে শহরের দক্ষিণ প্রান্ত থেকে উত্তরাংশে বিকল্প চলাচল ব্যবস্থা গড়ে উঠবে। এতে ভারী যানবাহন, বিশেষ করে ভারী যানবাহনের চাপ নগরীর অভ্যন্তরীণ সড়ক থেকে কমানো সম্ভব হবে। পাশাপাশি পর্যটন সম্ভাবনাও বাড়বে বলে তিনি মত দেন।
মন্ত্রী বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। শিল্প, বন্দর ও বৈদেশিক বাণিজ্যের বড় অংশ এই শহরকে ঘিরে। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সড়ক অবকাঠামো উন্নয়ন করতে হবে। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের সম্ভাব্যতা যাচাই, পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং রিং রোডের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
সিডিএ কর্মকর্তারা জানান, রিং রোড প্রকল্প প্রায় সম্পন্ন হয়ে গেছে। এখন দ্রুততম সময়ের মধ্যে বাকি কাজগুলো সম্পন্ন করে এই সড়কের কানেক্টিভিটি বাড়ানো গেলে পুরো সুফল মিলবে। মন্ত্রীর প্রস্তাবিত ফিডার রোড প্রকল্প বাস্তবায়ন করা গেলে পুরো নেটওয়ার্ক আরও কার্যকর হবে। পরিদর্শনকালে সিডিএ’র নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান মন্ত্রীকে প্রকল্পের বিস্তারিত ধারণা দেন।












