ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাপ্তাহিক ছুটিসহ চারদিনের ছুটি চলছে দেশে। এই ছুটির মধ্যেই পড়েছে ভ্যালেন্টাইনস ডে। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে লম্বা ছুটি থাকলেও কক্সবাজারের পর্যটনে বিরাজ করছে সুনশান নীরবতা। তবে আজ বিশ্ব ভালোবাসা দিবসকে (ভ্যালেন্টাইনস ডে) ঘিরে কিছুটা প্রাণ ফিরবে পর্যটনের এই নগরীতে। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, নির্বাচনী প্রভাবের চাপেও আজকে কক্সবাজারে সমাগম হতে পারে উল্লেখ্যযোগ্য সংখ্যক পর্যটক।
সরকারি প্রজ্ঞাপনে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর পরের দুইদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সব মিলে টানা চার দিনের ছুটি হয়।
কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন কক্সবাজারে পর্যটকদের আশানুরূপ উপস্থিতি নেই। মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে কমতে শুরু করে পর্যটকের উপস্থিতি। প্রচারণা শুরু হলেই একেবারে পর্যটকশূন্য হয়ে যায়। এতে স্থবির হয়ে পড়ে পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসা। তবে এই ছুটির মধ্যেই ভ্যালেন্টাইনস ডে থাকায় শুক্রবার (গতকাল) বেড়াতে আসবে অনেক পর্যটক।
কক্সবাজার হোটেল–মোটেল মালিক সমিতি সূত্রে জানা গেছে, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে কক্সবাজারে বেড়াতে এসেছে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক। সীমাবদ্ধতা সত্ত্বেও শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত সড়ক, ট্রেন ও আকাশপথে এসব পর্যটকরা কক্সবাজারে এসেছেন। শুক্রবার রাতে বাসে করে এবং শনিবারও (আজ) বিপুল পর্যটক আসবেন। এতে হোটেল–মোটেলের অনেক কক্ষ বুকিং হয়েছে।
কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের সৈকত লাগোয়া হোটেল প্রাসাদ প্যারাডাইস এর ফ্রন্ট ডেস্ক ইনচার্জ কুতুব উদ্দীন বলেন, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাদের হোটেলের প্রায়ই সব কক্ষ অগ্রীম বুকিং হয়ে যায়। বুকিং করা পর্যটকরা আজ (গতকাল) হোটেলে উঠেছেন ও আগামীকাল (আজ) বেশিরভাগ উঠবেন।
কলাতলীর গ্র্যান্ড স্যান্ডি হোটেলের ম্যানেজার মো. ইউনুছ বলেন, ভ্যালেন্টাইন্স ডে কে কেন্দ্র কিছু পর্যটক আসছে। অনেকে অগ্রীম বুকিং করেছিলেন। বেশিরভাগ সরাসরি এসে কক্ষ বুকিং করেছেন। মেরিন ড্রাইভ সড়ক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, ভ্যালেন্টাইন্স ডে কে উপলক্ষ করে কয়েকদিন কক্সবাজারের পর্যটকের সমাগম বাড়বে। কিন্তু ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হলে একেবারে পর্যটক শূন্য হয়ে যাবে।
সৈকতে পর্যটকের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফগার্ডের দল প্রধান ওসমান গণি বলেন, বহুদিন পর আজ (শুক্রবার) থেকে সমুদ্র সৈকতে পর্যটকের পদচারণা বেড়েছে। স্থানীয়দের পাশাপাশি বহু পর্যটকের সমাগম ঘটেছে।
ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, ভ্যালেন্টাইন্স ডে ঘিরে পর্যটকের উপস্থিতি বৃদ্ধিকে ঘিরে প্রস্তুতি গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ। এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিওনাল প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এই দিবস ঘিরে পর্যটকরা কক্সবাজার আসছে। তাদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
তবে নির্বাচনী খরা খাটলেও সামনে রমজান ঘিরে আবারো খরার মুখে পড়বে পর্যটন শিল্প– এমন জানিয়েছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার হোটেল–মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবদুল কাশেম সিকদার বলেন, জাতীয় নির্বাচনী বছর পর্যটন শিল্পের জন্য খরার সময়। এবারও তার ব্যতিক্রম হয়নি। অনেকদিন পর্যটন শূন্যতা গেছে। তাতে পর্যটন ব্যবসায়ীরা লাভের মুখ দেখেনি। সামনে রমজানের একমাসও জমবে। রমজানের পর আবার গরম নেমে আসবে। সব মিলে এই মৌসুমটায় প্রত্যাশার চেয়ে অনেক কম ব্যবসা হবে।












