ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে সাত স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন, তারা সবাই বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হয়েছিলেন। বহিষ্কারের খড়্গ নিয়েই ভোটের মাঠে বাজিমাত করেছেন তারা।
দিনাজপুর–৫ আসনে (পার্বতীপুর ও ফুলবাড়ী) স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক (বিএনপি বিদ্রোহী) তালা প্রতীকে এক লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী (শাপলা কলি) আব্দুল আহাদ পেয়েছেন এক লাখ ১০ হাজার ১৯৫ ভোট। এ আসনে বিএনপি মনোনীত এ কে এম কামরুজ্জামান পেয়েছেন ৯৮ হাজার ৫৪৪ ভোট।
ময়মনসিংহ–১ আসনে (হালুয়াঘাট ও ধোবাউড়া) ঘোড়া প্রতীকে এক লাখ আট হাজার ২৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সালমান ওমর রুবেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ এক হাজার ৯২৬ ভোট। খবর বিডিনিউজের।

টাঙ্গাইল–৩ (ঘাটাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী লুৎফর রহমান খান আজাদ (মোটরসাইকেল) প্রতীকে ১ লাখ ৬ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৭৩৪ ভোট। এবার দিয়ে চারবারের সাংসদ আজাদ এর আগে শ্রম ও কর্মসংস্থান, বস্ত্র ও পাট এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
কিশোরগঞ্জ–৫ (বাজিতপুর–নিকলী) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির বিদ্রোহী শেখ মজিবুর রহমান ইকবাল। তিনি পেয়েছেন ৭৯ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬ হাজার ১১৭ ভোট।

চান্দিনা নিয়ে গঠিত কুমিল্লা–৭ আসনে জয় পেয়েছেন বিএনপির বিদ্রোহী আতিকুল আলম শাওন। তিনি পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেদোয়ান আহমেদ পেয়েছেন ৪৮ হাজার ৫০৯ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট।
চাঁদপুর–৪ আসনে বিএনপির বিদ্রোহী মোহাম্মদ আব্দুল হান্নান ৭৪ হাজার ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হারুনুর রশিদ পেয়েছেন ৬৯ হাজার ১৫৫ ভোট।











