বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক বলেছেন, গত ৫৪ বছরে বাংলাদেশের ইতিহাস হল– এদেশে শাসকের পরিবর্তন ঘটেছে বারবার, কিন্তু শোষণের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। স্বাধীনতার আগে বিদেশি শাসকেরা এ দেশের সম্পদ লুট করে নিজেদের দেশে নিয়ে যেত। আর এখন দেশের শাসকরাই এ দেশের সম্পদ বিদেশে পাচার করে দিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের কাঁধে দুটি ভয়াবহ ভূত চেপে বসেছে। একটি হল গুন্ডামি ও সন্ত্রাসতন্ত্র, আর অন্যটি হল দুর্নীতি ও লুটপাটতন্ত্র। ক্ষমতায় যাওয়ার আগে গুন্ডামি ও সন্ত্রাসের মাধ্যমে জনগণের ব্যালটের রায় ছিনতাই করা হয়। এরপর ক্ষমতায় গিয়ে এ দেশের মেহনতি মানুষ, রেমিটেন্স যোদ্ধা এবং মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে জমানো জাতীয় রাজস্ব ও রিজার্ভের টাকা বিদেশে পাচার করা হয়। সেই অর্থে বিদেশে গড়ে তোলা হয় বেগম পাড়া। আমরা আশাবাদী, আগামী ১২ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের পুরোনো দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতির অবসান ঘটবে এবং গণমানুষের অধিকারভিত্তিক রাজনীতি এ দেশে বাস্তবায়িত হবে।
গতকাল শনিবার বিকালে হাটহাজারীতে ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী রিকশা প্রতীকের মাওলানা নাছির উদ্দীন মুনীরের সমর্থনে পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এ দেশের মানুষের সেই স্বপ্ন আজও সুদূর পরাহত। কারণ জুলাই বিপ্লবের সবচেয়ে বড় সুবিধাভোগীরা আজ আবার নতুন করে ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছে। তারা পুনরায় চাঁদাবাজি ও লুটপাটে লিপ্ত হয়েছে। এই প্রেক্ষাপটে তিনি বলেন, সন্ত্রাসবাদ ও দুর্নীতিকে চিরতরে বিদায় জানাতে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দেশের রাজনীতিকে কলুষমুক্ত করার লক্ষ্যে আজ ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছে।
আসন্ন নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে শাহজাহান চৌধুরী বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই– কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। জনগণের ঐক্য ও সচেতনতার কাছে সব অপচেষ্টা ব্যর্থ হবে।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি ও ফটিকছড়ি আসন থেকে ১১ জোটের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ নেজামী ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রহমান চৌধুরী ও চট্টগ্রাম–৬ রাউজান আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মঞ্জু।
হাটহাজারী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াত যুব বিভাগের সভাপতি আসলাম মোরশেদ, এবি পার্টির মো. রিদওয়ান ও এনসিপির মো. এয়াকুব ওয়াসিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিস কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আলী ওসমান, খেলাফতে মজলিস উত্তর জেলা সভাপতি ও কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক মুফতী শিহাব উদ্দীন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের অ্যাসিসটেন্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, খেলাফতে মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহেল, এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ন ম জিয়াউল হক চৌধুরী, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক রিদোয়ান ওয়াহিদ প্রমুখ।












