ভোটে জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিততে হবে

ফটিকছড়িতে নির্বাচনী জনসভায় আমীর খসরু

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:১৮ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সরওয়ার আলমগীর আমাদের সাথে থেকে রাজপথে লড়াই করেছেন। দীর্ঘ এ সময়ে আন্দোলননির্যাতনে খাটি সোনায় পরিণত হয়েছে বিএনপি নেতাকর্মীরা। এ দেশের একমাত্র গণতন্ত্রের ধারকবাহক বিএনপি। যারা কোনদিন গণতন্ত্রে আপোষ করেনি। বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ সহনশীল রাজনীতি চায়। গতকাল শনিবার বিকালে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছালাউদ্দিন। প্রধান বক্তা ছিলেন সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, ১২ ফেব্রুয়ারি শুধু একটি ভোটের দিন নয়, এটি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার দিন। গণতন্ত্র পুনরুদ্ধার, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নির্বাচিত সরকার গঠনের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়ের বিষয়ে তিনি বলেন, ১২ তারিখ ভোটে জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিততে হবে। এই জয় দিয়ে সারাদেশের মানুষ ও বিশ্ববাসীর কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছাতে হবে। কোনো বিদেশি শক্তির বাংলাদেশকে পরিচালনা করার সুযোগ নেই, এটাই এ দেশের মানুষের আকাঙ্‌ক্ষা।

পূর্ববর্তী নিবন্ধঅর্ধেক প্রার্থীর মনোনয়ন অসম্পূর্ণ, বিএনপির ১৬৭ প্রার্থী ঋণগ্রহীতা : সুজন
পরবর্তী নিবন্ধপোস্টাল ব্যালটে ভোট দিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩৪৬ বন্দী