সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব (পীর সাহেব)-এর ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামে গত শনিবার থেকে শুক্রবার পর্যন্ত সপ্তাহব্যাপী কোরআন খতম অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আওতায় প্রতিদিন পৃথকভাবে কোরআন খতম জিকির ও মিলাদ মাহফিল সম্পন্ন করা হয়।
কর্মসূচির সমাপনী দিন শুক্রবার কুরআন খতম জিকির, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পীর বুজুর্গানে দীনের রুহের মাগফিরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানগুলোর তত্ত্বাবধানে ছিলেন তাঁর বড় সন্তান সৈয়দ ফখরউদ্দিন। এ ছাড়া একই দিনে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকাতেও খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সৈয়দ ফখরউদ্দিন বলেন, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি গভীর ভালোবাসা আমাদের ঈমানের মূল ভিত্তি, কুরআন–সুন্নাহর আলোকে আহলে বাইতের অনুসরণই ঈমানের সৌন্দর্য। আউলিয়া কেরামগণ সেই আদর্শ ধারণ করে অন্তর পরিশুদ্ধির মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। উল্লেখ্য, সৈয়দ সাহেব ছিলেন বড়পীর কুতুবে রব্বানী গাউসুল আজম দস্তগীর হযরত সৈয়দ আবদুল কাদের জিলানীর বংশধর। তার পূর্ব পুরুষ বাগদাদ শরীফের কুতুবে আকতাব আবদাল হযরত মাওলানা সৈয়দ নুর উদ্দীন (রহ.) ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে অন্য আউলিয়া কেরাম নিয়ে বাংলার এই অঞ্চলে এসেছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।










