রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামী প্রার্থীর কর্মীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির নেতা–কর্মীরা।গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম–কাপ্তাই সড়কে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদরের ইছাখালী এলাকা প্রদক্ষিণ করে রোয়াজারহাটে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাসান মুরাদ, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া নির্বাচন পরিচালনা কমিটির চিফ এজেন্ট রাশেদুল ইসলাম তালুকদার, যুব বিভাগের সভাপতি মুহাম্মদ সরোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাশেদুল ইসলাম ও কাজী পেয়ারু।
বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিত হামলার মাধ্যমে জামায়াতের শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
জামায়াত সূত্র জানায়, শুক্রবার বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিমের পক্ষে প্রচারণা চালানোর সময় নেতা–কর্মীদের ওপর হামলা চালানো হয় এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রতিদ্বন্দ্বী একটি বড় দলের প্রার্থীর কর্মীরা এই হামলার সঙ্গে জড়িত। এতে নোয়াগাঁও ১ নম্বর ওয়ার্ডের জামায়াত কর্মী প্রবাসী ওমর ফারুকসহ ৪ থেকে ৫ জন নারী কর্মী আহত হন।
এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, এই ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান রাশেদুল ইসলাম তালুকদার জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। তিনি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।












