চন্দনাইশে বিএনপি প্রার্থী জসীম উদ্দীনকে টানা দ্বিতীয় দিন শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪১ পূর্বাহ্ণ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম১৪ (চন্দনাইশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. জসীম উদ্দীন আহমদকে টানা দ্বিতীয় দিনের মতো কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। এর আগে গত বুধবারও একই অভিযোগে তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার সকালে সাতকানিয়া সিনিয়র সিভিল জজ আদালতে অবস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয় থেকে এ শোকজ নোটিশ জারি করা হয়।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সানজিদা আফরোজ বৃষ্টি স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, গত ৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে শতাধিক মোটরসাইকেল ও ট্রাকযোগে কর্মী পরিবহন করে ঢোলবাদ্যসহ উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার করে ধানের শীষ প্রতীকের পক্ষে শোভাযাত্রা, মিছিল ও জনসভা করেন মো. জসীম উদ্দীন আহমদ। যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫এর ৩, , ১৭() ও ১৭() বিধি লঙ্ঘন।

নোটিশে আরও উল্লেখ করা হয়, অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে। এ জন্য আগামী ৮ ফেব্রুয়ারি রোববার বেলা ১২টায় সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শোকজ নোটিশটি দ্রুত জারি ও জারির প্রতিবেদন পাঠাতে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে গত বুধবারও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জসীম উদ্দীন আহমদের বিরুদ্ধে পৃথক একটি শোকজ নোটিশ জারি করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম গ্রেফতার
পরবর্তী নিবন্ধবাচ্চু নিজ হাতে একুশে পদক নিতে পারলে অনুভূতি অন্যরকম হত : স্ত্রী