সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। একটি সুন্দর নির্বাচন উপহার দিতে স্থানীয় প্রশাসনসহ সকল বাহিনীর সাথে সমন্বয় সাধন করে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল রোববার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়োজিত কন্টিনজেন্ট ও ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে মহেশখালী কন্টিনেন্ট আয়োজিত কনফারেন্সে এ কথা বলেন। সহকারী নৌবাহিনী প্রধান কক্সবাজারের টেকনাফ, সেন্টমার্টিন ও মহেশখালী কন্টিনজেন্ট পরিদর্শনকালে জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী–গত ২০ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময়ে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে উল্লেখযোগ্য সংখ্যক সফল অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী। নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্বাভাবিক ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে আসন্ন নির্বাচন অবাধ সুুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে বদ্ধপরিকর নৌবাহিনী। নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য নৌ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, আইনানুগ দায়িত্ব পালনের নির্দেশনা, আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বহুমুখী অনুশীলন সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি ভোটকেন্দ্র, ব্যালট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নৌ সদস্যদের পেশাদার ও আইনসম্মত আচরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স, র্যাপিড অ্যাকশন টিম নিয়োজিত রয়েছে। পাশাপাশি ড্রোন এবং বডি–ওর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সেই সাথে বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি সকলকে পারস্পরিক সমপ্রতি বজায় রেখে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।












