২ নম্বর গেট থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ জুন, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

নগরের পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১১টার দিকে পুলিশ বক্সের পেছনে একটি দোকানের সামনের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার উপ–পরিদর্শক (এসআই) হিরু বড়ুয়া বলেন, বৃদ্ধ ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতেন। তবে গত দুই দিন ধরে তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলেন। পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তার নাম–পরিচয় এখনো জানা যায়নি।

মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, বৃদ্ধকে প্রায়ই ফুটপাতে অবস্থান করতে দেখা যেত। অসুস্থ হয়ে পড়ার পর কেউ তার কাছে এগিয়ে না আসায় তিনি সেখানেই মারা যান বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঈদের আনন্দ ও ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ২০০ কোটি টাকার সরকারি জমি দখলমুক্ত