চবি ছাত্রশিবিরের ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

রয়েছেন চারজন সমন্বয়ক ও একজন সহ-সমন্বয়ক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ at ১০:০৮ পূর্বাহ্ণ

এবার প্রকাশ করা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। এর আগে ২৪ সেপ্টেম্বর ২৪ দফা দাবি নিয়ে প্রকাশ্যে আসেন শাখাটির সভাপতি ও সাধারণ সম্পাদক। কমিটির ১৭ জনের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চবির চারজন সমন্বয়ক ও একজন সহ–সমন্বয়ক। গতকাল বুধবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের শাহী কলোনি মসজিদের বিপরীতে শহীদ জোবায়ের মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রকাশ্য করা হয় এ কমিটি।

কমিটির সদস্যরা হলেন, সভাপতি নাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম, বাইতুল মাল (অর্থ) ও সংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী, অফিস সম্পাদক মুহাম্মদ পারভেজ, শিক্ষা সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হাবিবুল্লাহ খালেদ, সহকারী মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. আব্দুল্লাহ, সাহিত্য সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক সাঈদ বিন হাবিব, আইটি সম্পাদক এস এম ফাহিম, প্রকাশনা ও ছাত্রকল্যাণ সম্পাদক শরীফুল ইসলাম, এইচআরএম আফনান হাসান ইমরান, স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক) ইয়াসিন মুহা. মুজতাহিদ, ছাত্র আন্দোলন বিষয়ক ইসহাক ভূঁইয়া, পাঠাগার সম্পাদক দ্বীন ইসলাম, বিজ্ঞান সম্পাদক আমির হোসাইন ও সহ স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক) মোশারফ হোসেন সোহাদ। এর মধ্যে ছাত্র আন্দোলনে চবির চারজন সমন্বয়ক ও ১ জন সহ–সমন্বয়ক হলেন, মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ, ইসহাক ভূঁইয়া, মুজাহিদুল ইসলাম, মোনায়েম শরীফ ও হাবিবুল্লাহ খালেদ।

মতবিনিময় সভায় ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবির সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। আমরা চাই সকলেই তার স্বাধীন মত প্রকাশ করুক। সবাই নিজের আদর্শের ভিত্তিতে দল নির্বাচন করুক। ছাত্রশিবিরের আদর্শ কারো কাছে ভালো লাগলে সে আমাদের এখানে আসতে পারে। ছাত্রশিবির কখনো জবরদস্তিমূলক রাজনীতি করেনি, করবেও না।

পূর্ববর্তী নিবন্ধবরাদ্দ স্বল্পতা, সংকটে মহালছড়ির একমাত্র আবাসিক ছাত্রাবাস
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন ডিসেম্বরে