চবির হলে গাঁজা সেবন, দৃষ্টি প্রতিবন্ধী ৫ শিক্ষার্থী আটক

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৯:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে গাঁজা সেবনের সময় ধরা পড়েছেন দৃষ্টি প্রতিবন্ধী ৫ শিক্ষার্থী। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আলাওল হলের ২৩৪ নম্বর কক্ষ থেকে তাদের আটক করে প্রক্টরিয়াল বডি। এ সময় তাদের ৪ জনের কাছে গাঁজার প্যাকেট পাওয়া যায়। পাঁচ শিক্ষার্থী হলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হক, বাংলাদেশ স্টাডিজ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের মো. আনোয়ারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের মিজানুর রহমান, দর্শন বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের মো. টুটুল হাসান এবং ইসলামের ইতিহাস বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের মো. মানিক। শিক্ষার্থীদের অভিযোগ, মোজাম্মেল হক বিভিন্ন হলের দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে আলাওল হলের ২৩৪ নং কক্ষে নিয়মিত গাঁজার আসর বসান।

বিশ্ববিদ্যালয়ের ডিসকো (ডিজঅ্যাবল স্টুডেন্ট সোসাইটি অব চিটাগাং ইউনিভার্সিটি) সভাপতি শিহাব উদ্দিন বলেন, তাদের দায় আমাদের সংগঠন নেবে না। আমাদের সংগঠন সবসময় মাদকের বিরুদ্ধে কাজ করেছে। এই ঘটনায় প্রশাসন যে সিদ্ধান্ত নেবে তাতে আমাদের আপত্তি নেই।

সহকারী প্রক্টর সাইদ বিন কামাল বলেন, শিক্ষার্থীদের সহায়তায় আমরা ৫ দৃষ্টি প্রতিবন্ধীকে গাঁজা সেবনের সময় ধরেছি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী হল প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

পূর্ববর্তী নিবন্ধফেনী জেলা সমিতি-চট্টগ্রামের মেধাবৃত্তি প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধলগি-বৈঠার তাণ্ডবে মানুষ হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হবেই