চাঁনখালী খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

পটিয়া চাঁনখালী খালে জোয়ারে ভেসে আসা আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত ১ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে খালের পটিয়া ইন্দ্রপুল সেতু এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ জানায়, সকাল ১০ টার দিকে চাঁনখালী খালের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ভেসে যাচ্ছিল মরদেহটি। এ সময় স্থানীয় লোকজন ভাসমান লাশটি দেখতে পেয়ে খালের পাড়ে ভিড় জমায়। একপর্যায়ে স্থানীয়রা ইন্দ্রপুল সেতুর নিচে লাশটি আটকে একটি রশি দিয়ে বেঁধে রাখেন। পরে পুলিশের জরুরী সেবা ৯৯৯–এ ফোন করে স্থানীয় ১ ব্যক্তি বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয় শাহাদাত হোসেন অভি জানান, খালের পানিতে ভেসে আসা একটি লাশ সকাল ১০টার দিকে স্থানীয়রা দেখতে পায়। এ সময় মরদেহটি ইন্দ্রপুল ব্রীজের দক্ষিণ পাড়ে গিয়ে কয়েকজন মরদেহটি রশির সাথে আটকে রাখে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

পটিয়া থানার উপ–পরিদর্শক মোহাম্মদ সোহেল জানান, ধারণা করা হচ্ছে দুই–তিনদিন আগে তার মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই যুবকের পরনে জিন্সের প্যান্ট ও গায়ে হাফ হাতা গেঞ্জি ছিল। লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে পটিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধসরাইপাড়ায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধ৪ দিনের ব্যবধানে কমল সোনার দাম