দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার সিদ্ধান্ত বদলে এবার ভেন্যুই পাল্টে ফেলল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামের বদলে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে বাংলাদেশ–পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি পুরোটাই হবে রাওয়ালপিন্ডিতে। সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এই খবর জানিয়েছে পিসিবি। আগামী ২১ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। আর ৩০ অগাস্ট শুরু দ্বিতীয়টি। আগামী বছর পাকিস্তানে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ওই টুর্নামেন্টের জন্য যথাযথভাবে প্রস্তুত করতে করাচি স্টেডিয়ামে চলছে নির্মাণ ও সংস্কারকাজ। শুরুতে তাই দর্শকশূন্য স্টেডিয়ামে বাংলাদেশ–পাকিস্তানের দ্বিতীয় টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। তবে নির্মাণকাজের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ নিয়ে দুই দলের ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল ও ব্রডকাস্টারদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে ম্যাচটি সরিয়ে নেওয়ার কথা জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
মাঠটি প্রস্তুত হওয়ার সম্ভাব্য সময়ের ব্যাপারে আমরা নির্মাণ বিশেষজ্ঞদের থেকে জানতে পেরেছি। তারা জানিয়েছিল, খেলা চলাকালেও নির্মাণকাজ চলতে পারে। তবে, সৃষ্ট শব্দ দূষণে ব্যাঘাত ঘটতে পারে ক্রিকেটারদের। এছাড়া ধুলাবালির কারণে ক্রিকেট, অফিসিয়াল, ব্রডকাস্টার ও সংবাদকর্মীদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ভেন্যু বদলে যাওয়ায় এখন দ্বিতীয় টেস্টের গ্যালারিতেও থাকবে দর্শক প্রবেশাধিকার। সোমবার টিকেট বিক্রি শুরুর কথা জানিয়েছে পিসিবি। একই সময়ে চলছে বাংলাদেশ ‘এ‘ দল ও পাকিস্তান শাহিনসের (‘এ‘ দল) চার দিনের ম্যাচের সিরিজ। ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে ২০ আগস্ট শুরু হবে দ্বিতীয় ম্যাচ। একই মাঠে ২৬, ২৮ ও ৩০ আগস্ট হবে তিনটি এক দিনের ম্যাচ।












