ভোটাররাই তাদের প্রতিনিধি নির্বাচন করবেন : মাহতাব

মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে স্বতন্ত্র প্রার্থী সুমন

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–১১ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন গতকাল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সাথে তাঁর বাসভবনে মতবিনিময় করেছেন। এসময় মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, জনপ্রিয়তা থাকলে ভয় নেই, ভোটাররাই তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যে কোনো নেতা বা ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন। কারণ নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে হবে।

গতকাল শনিবার রাতে নগরের দামপাড়া তাঁর ভবনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম–১১ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনকে নির্বাচনী প্রচার প্রচারণাসহ মানুষের দুয়ারে দুয়ারে যেতে আহ্‌বান জানিয়ে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, দেশের প্রধানমন্ত্রী ও জাতির পিতার মেয়ে হিসাবে তিনি দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করে যাচ্ছেন। তার দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন আজ দৃশ্যমান।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াস, ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো.হাসান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ–কমিটির সদস্য শেখ নওশেদ সারোয়ার পিল্টু, ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলী, ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন চৌধুরী আজাদ, ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাসান মুন্না, এলেম উদ্দিন ও নূর মোহাম্মদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ‘মতবিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে’
পরবর্তী নিবন্ধসন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র যা জানাল