১০ মিনিটে চট্টগ্রামের সব টিকিট বিক্রি

কক্সবাজার এক্সপ্রেস, রয়ে গেল ঢাকার টিকিট

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ৯:৫১ পূর্বাহ্ণ

ঢাকা থেকে কক্সবাজারগামী প্রথম বাণিজ্যিক ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’ এর চট্টগ্রাম কোটার (দুটি বগি) তিনদিনের অগ্রিম সব টিকিট মাত্র ১০ মিনিটে বিক্রি হয়ে গেছে। গতকাল সকাল ৮টায় আগামী ১ ডিসেম্বর কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেসের’ অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ঢাকা থেকে কক্সবাজারগামী এই ট্রেনে শুধুমাত্র চট্টগ্রামবাসীর জন্য ২টি বগি নির্দিষ্ট করে দেয়া হয়েছে। এই দুটি বগিতে চট্টগ্রামের যাত্রীদের জন্য ১১৫টি আসন রয়েছে। গতকাল তিনদিনের অগ্রিম টিকিট বিক্রির প্রথমদিনে চট্টগ্রাম থেকে কক্সবাজারের সব টিকিট (১১৫টি) সকাল ৮টা ১০ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায়। সকাল ৮টায় অনলাইন এবং কাউন্টারে টিকিট বিক্রি শুরু হওয়ার আগেই স্টেশনে শত শত যাত্রী এসে ভিড় করেন। এছাড়াও অনলাইনে ৮টায় টিকিট ওপেন হওয়ার সাথে সাথেই মোবাইল থেকে যাত্রীরা মুহূর্তের মধ্যে সব টিকিট কেটে নেন।

তবে ঢাকাকক্সবাজারের এবং কক্সবাজার থেকে ঢাকার টিকিট এখনো রয়ে গেছে বলে জানান চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী। তিনি বলেন, আগামী ১ ডিসেম্বর ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী ট্রেনের টিকিট বিক্রি বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়ার সাথে সাথেই বিক্রি হয়ে গেছে। ট্রেনে করে পর্যটন নগরী কক্সবাজার যেতে সবার আগ্রহ বেশি। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হলেও অনেক আগে থেকে যাত্রীরা স্টেশনে এসে জড়ো হন। অনেকেই অনলাইনে টিকিট ওপেন হওয়ার সাথে সাথে কেটে নিয়েছেন। টিকিট কম যাত্রী বেশি হওয়ায় অনেকেই চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ভ্রমণের টিকিট পাননি। এই রুটটি দিনদিন আরো জনপ্রিয় হয়ে উঠবে।

আগামী ১ ডিসেম্বর শুক্রবার ঢাকাকক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরু হচ্ছে। দ্বিতীয় এবং তৃতীয় দিনের টিকিটও বিক্রি হয়ে গেছে দ্রুত। সাধারণত সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার কক্সবাজারে পর্যটকের প্রচুর ভিড় থাকে। ট্রেন চালু হওয়ায় পর্যটকদের আগ্রহ আরও বেড়েছে বলে মনে করছেন রেলের কর্মকর্তারা।

যাত্রা শুরুর প্রথম দিন ১ ডিসেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রেন ঢাকার উদ্দেশে কক্সবাজার আইকনিক স্টেশন ছেড়ে যাবে। এই ট্রেন রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ফিরতি ট্রেন কক্সবাজারের উদ্দেশে ঢাকার কমলাপুর স্টেশন ছাড়বে রাত সাড়ে ১০টায়। মূলত এই ট্রেনকে নিয়ে যাত্রীদের মধ্যে বেশি আগ্রহ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএবার ছোট নৌকায় পণ্য পরিবহনেও ভোগান্তি
পরবর্তী নিবন্ধমহিষের মাংসের দাম সাড়ে ২৮ টাকা কেজি!