রাঙ্গুনিয়ায় ইউনুছ মিয়া (৫৯) হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. হাবিবুর রহমান (৫২)। তিনি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের খিলমোগল গ্রামের জেবল হোসেনের ছেলে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা হাবিবুর রহমানকে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর সকালে অভিযুক্ত হাবিবুর রহমানের নেতৃত্বে ১০/১২ জন দুর্বৃত্ত সংঘবদ্ধ হয়ে ইউনুছ মিয়ার ঘরের সামনে এসে জড়ো হয়। একপর্যায়ে তার বসতঘরের ঘেরাবেড়া ভাঙচুর করে। এসময় ইউনুছ মিয়া ঘর থেকে বের হয়ে তাদের বাধা দিলে তারা মারধর করলে ইউনুছ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ইউনুছ মিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড খিলমোগল খামারীপাড়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় তার সন্তান মো. রাসেল বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পিবিআই চট্টগ্রাম গত বছরের ২৫ডিসেম্বর তদন্ত শেষে এই ১২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়।











