দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের আগের পাঁচ আসরের সবকটি শিরোপাই জিতেছে ভারত। তবে এবারে সেই ভারত নেই ফাইনালে। তাই এবারে নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে সাফ নারী ফুটবল। আর সে ক্ষেত্রে বাংলাদেশ এবং নেপালের সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। বাংলাদেশ এর আগে দুবার ফাইনালে খেলেও ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে। আর নেপাল খেলেছে তিনবার ফাইনাল। কিন্তু শিরোপা জেতা হয়নি একবারও। বরাবরই ভারতের কাছে হেরে খালি হাতে ফিরতে হয়েছে নেপালকে। তবে এবারে সুযোগ এসেছে তাদের সামনেও। আর এবারে ফাইনাল ম্যাচটি হবে তাদেরই মাঠে। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফয়সালা হবে দক্ষিণ এশিয়ার এই টুর্নামেন্টে নতুন চ্যাম্পিয়ন হবে কারা। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় অনুষ্ঠেয় ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ১৩ দিনব্যাপী এই টুর্নামেন্ট।
এবারের টুর্নামেন্টের সেমিফাইনালে নেপাল ১-০ গোলে হারিয়ে বিদায় করেছে ভারতকে। অন্যদিকে গ্রুপ পর্বে ভারতকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তাই এবারের আসরের সেরা দুই দলই খেলছে ফাইনালে তেমনটি বলাই যায়। আর দুই দলের সামনেই তাই ইতিহাস গড়ার হাতছানি। ফাইনালে মুখোমুখি হওয়া বাংলাদেশ ও নেপাল আগের চার ম্যাচে কোনো গোল হজম করেনি। বাংলাদেশ চার ম্যাচে গোল দিয়েছে ২০টি। নেপাল ৩ ম্যাচে দিয়েছে ১১টি। তাই ধারনা করা হচ্ছে বাংলাদেশ ও নেপালের যে দলই চ্যাম্পিয়ন হোক তাদের ভাঙতে হবে প্রতিপক্ষের শক্ত রক্ষণ দেওয়াল। যে ধারায় খেলে দুই দল ফাইনালে উঠেছে তাতে কোনো দলকে আগেভাগে ফেভারিট বলে দেওয়ার কোনো সুযোগ নেই। দিনটি যাদের থাকবে তারাই ঘরে তুলবে সাফের শিরোপা। নেপালের অন্যতম শক্তি হবে তাদের সমর্থক। এটা ধরেই নেওয়া যায় দশরথ রঙ্গশাল স্টেডিয়ামের গ্যালারি ভরিয়ে দেবে স্বাগতিক দর্শকরা।
বাংলাদেশের জন্য আরেকটি দুঃসংবাদ হতে পারে অন্যতম ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নার অনুপস্থিতি। তিনি ভুটানের বিপক্ষে সেমিফাইনালের সময় ডান পায়ের মাংসপেশিতে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন। গত শনিবার পর্যন্ত স্বপ্নার অবস্থা উন্নতির দিকে ছিল। তবে স্বপ্না ফাইনালের একাদশে থাকছেন কি না সেটা জানতে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত। অবশ্য দুই দলের রেকর্ডও নেপালের পক্ষে। আগের ৫ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও নেপাল ৩ বার মুখোমুখি হয়েছে। তিনবারই জিতেছে নেপালিরা। তবে এবারে যেন নতুন এক বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা সাবিনা-কৃঞ্চারা নিজেদের সেরাটাই দিয়ে শিরোপা জিততে চায়। আর সেটা যদি পারে তাহলে তা হবে এক ঢিলে দুই পাখি মারার মত। সাফ ফুটবলে প্রথমবারের মত নেপালকে হারানোর স্বাদ দেওয়া যাবে সে সাথে প্রথমবারের মত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাও হয়ে যাবে।













