৮ম জামাল নজরুল শিশু-কিশোর বিজ্ঞান উৎসব ৭ মার্চ থেকে

ফুলকির আয়োজন

| বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

ফুলকি শিশুকিশোরদের মানসিক বিকাশে নানা কার্যক্রম গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ফুলকি ট্রাস্টের প্রয়াত সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্মরণে প্রতি বছর বিভিন্ন স্কুলের শিশুকিশোরদের অংশগ্রহণে আয়োজন করা হয় ‘জামাল নজরুল শিশুকিশোর বিজ্ঞান উৎসব’। এবারে বসবে ৮ম আসর। আগামী ৭ ও ৮ মার্চ নন্দনকাননের ফুলকি প্রাঙ্গনে এ উৎসবে বিজ্ঞানের নানা আয়োজন নিয়ে মেতে উঠবে শিশু কিশোররা। দুদিনের এ আয়োজনে বিজ্ঞানভিত্তিক কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান বক্তৃতা, প্রজেক্ট নির্মাণ ও প্রদর্শনী, বিজ্ঞান বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনারসহ নানা আয়োজন থাকবে। চট্টগ্রাম শহরের বিভিন্ন স্কুলের শিশুকিশোরদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিজ্ঞানী, গবেষক, বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দও এতে যুক্ত থাকবেন।

৭ মার্চ সকাল ১০টায় উদ্বোধনী আয়োজনে অতিথি থাকবেন পরমাণু শক্তি কেন্দ্র চট্টগ্রাম পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহাদত হোসেন এবং চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান। বিজ্ঞান উৎসবে দ্বিতীয় দিন ৮ মার্চ শিক্ষক সেমিনারে বক্তা থাকবেন অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, পরিচালক, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুদিনের আয়োজন চলবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ‘সিভিকপালস : ডিজিটাল অধিকার ও যুব নেতৃত্ব’ বিষয়ে কর্মশালা
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে বিভাগীয় প্রধানদের সভা