৭০৫ জন গ্রেপ্তার, বিপুল মাদকদ্রব্য গুলি-অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার

২ মার্চ থেকে ১৬ মার্চ সিএমপির এস ড্রাইভ অভিযান

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

নগরজুড়ে বিশেষ অভিযান ‘এস ড্রাইভ’ পরিচালনা করে ৭০৫ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একই সঙ্গে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সিএমপি সূত্র জানায়, পুলিশ কমিশনার হাসিব আজিজএর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গত ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত টানা এই অভিযান চলে নগরীর বিভিন্ন এলাকায়।

অভিযানকালে গ্রেপ্তারকৃত ৭০৫ জনের মধ্যে মাদক কারবারি ৯৭ জন, ছিনতাইকারী ৩৬৭ জন, চাঁদাবাজ ২৪ জন, কিশোর গ্যাং সদস্য ১৪৮ জন এবং ৬৯ জন জুয়াড়ি রয়েছে। অভিযানে প্রায় ১ লাখ ৯৮ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৩ কেজি ৬৮০ গ্রাম ও ১৭৮ পুরিয়া গাঁজা, ৪৮ ক্যান বিয়ার এবং ৮৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। অভিযান চলাকালে একটি বিদেশি স্টেনগান, একটি সাবমেশিন গান, একটি ওয়ান শুটার গান, তিনটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও একটি পাইপগান উদ্ধার করা হয়। এছাড়া ৪৭৩ রাউন্ড পিস্তলের গুলি, ৭৬টি শটগানের কার্তুজ, ম্যাগাজিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এছাড়াও দেশীয় ধারালো অস্ত্র হিসেবে কুড়াল, কিরিচ, রামদা, ছোরা, চাপাতি, কাঁচি ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল ও ৪০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সিএমপি জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধনাফ নদী থেকে চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধপটিয়ায় ২৫ হাজার পরিবারের পাশে কেডিএস গ্রুপ