ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পবিত্র রমজান উপলক্ষে নগরীতে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি উন্মুক্ত পদ্ধতির ট্রাকসেলও শুরু করেছে। তবে ফ্যামিলি কার্ডধারীদের চেয়ে ট্রাকসেলে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেলের দাম বেশি। ট্রাকসেলে চালও নেই। এই নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।
টিসিবি চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. শফিকুল ইসলাম আজাদীকে বলেন, যাদের টিসিবির ফ্যামিলি কার্ড নেই তাদের জন্য সরকার উন্মুক্ত পদ্ধতিতে লাইনে দাঁড়িয়ে ভর্তুকি মূল্যে পণ্য নেয়ার জন্য ট্রাকসেল চালু করেছে। চট্টগ্রাম মহানগরীতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ২০টি পয়েন্টে ট্রাকসেল কার্যক্রম। এই কার্যক্রম আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে। একটি ট্রাকে ৪০০ জনের জন্য পণ্য দেয়া হয়ে থাকে। প্রতিদিন মোট আট হাজার ভোক্তার কাছে পণ্য বিক্রি হয়। এ ছাড়াও নগরীর প্রতিটি ওয়ার্ডে টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে নির্দিষ্ট সময়ে পণ্য পেয়ে থাকে। প্রতি মাসে নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে স্মার্টকার্ডধারীদের পণ্য বিক্রি করে টিসিবি। আবার বিশেষ উপলক্ষ যেমন রোজা বা ঈদে দেওয়া হয় বিশেষ ট্রাকসেল কার্যক্রম। তবে একই পণ্যের দাম ট্রাকসেলে বেশি নির্ধারণ করে বিক্রি করছে সংস্থাটি। দুই পণ্য বিক্রি কার্যক্রমের মধ্যে একটি বড় পার্থক্য হল– মাসিক বিক্রি কার্যক্রমে শুধু স্মার্ট কার্ডধারীরা পণ্য কিনতে পারেন। আর ট্রাকসেলে যে কোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে পারেন। স্মার্টকার্ড লাগে না।
টিসিবির চট্টগ্রাম অফিস থেকে জানা গেছে, নগরীর প্রতিটি ওয়ার্ডে টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা ৬০ টাকা মূল্যে ১ কেজি ছোলা, ১৬০ টাকা মূল্যে ১ কেজি খেজুর, ৭০ টাকা মূল্যে ১ কেজি চিনি, ৬০ টাকা মূল্যে ২ কেজি (২ কেজি ১২০ টাকা) মসুর ডাল, ১০০ টাকা মূল্যে ২ লিটার সয়াবিন (২ লিটার ২০০ টাকা) তেল, ৩০ টাকা দামে ৫ কেজি চাল (৫ কেজি ১৫০ টাকা) পাচ্ছেন। এই ৬ আইটেমের পণ্যের দাম রাখা হয়েছে ৭৬০ টাকা (প্যাকেজ মূল্য)।
অপরদিকে টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা ১১৫ দামে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, ৭০ টাকা দামে দুই কেজি মসুর ডাল, ৮০ টাকা দামে ১ কেজি চিনি, ৬০ টাকা দামে এক কেজি ছোলা, ৮০ টাকা দামে ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। এতে খরচ হবে ৬৯০ টাকা।
ফ্যামিলি কার্ডের চেয়ে–ট্রাকসেলে প্রতি কেজি চিনি ১০ টাকা, ডাল ১০ এবং প্রতি লিটার তেল ১৫ টাকা বেশি। দীর্ঘ ৬ মাস ধরে চট্টগ্রাম মহানগরীতে টিসিবির ‘ট্রাকসেল’ বন্ধ ছিল। রমজান উপলক্ষে গত ১৭ ফেব্রুয়ারি থেকে নগরীর ২০ পয়েন্টে ট্রাকসেল চালু হয়েছে।
টিসিবির চট্টগ্রাম অফিস প্রধান শফিকুল ইসলাম বলেন, টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডে ৬০ টাকা মূল্যে ১ কেজি ছোলা, ১৬০ টাকা মূল্যে ১ কেজি খেজুর, ৭০ টাকা মূল্যে ১ কেজি চিনি, ৬০ টাকা মূল্যে ২ কেজি (২ কেজি ১২০ টাকা) মসুর ডাল, ১০০ টাকা মূল্যে ২ লিটার সয়াবিন (২ লিটার ২০০ টাকা) তেল, ৩০ টাকা দামে ৫০ কেজি চাল (৫ কেজি ১৫০ টাকা) পাচ্ছেন।












