৬১ হাজার ৩শ টন ডিজেল নিয়ে এলো আরো দুটি জাহাজ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৫:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মাঝে একের পর এক তেলবাহী জাহাজ ভিড়ছে। সর্বশেষ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘এমটি ইউয়ান জিং হে’ গতকাল শুক্রবার বন্দরে পৌঁছেছে। এটি চলমান যুদ্ধ পরিস্থিতি শুরুর পর ডিজেলবাহী নবম জাহাজ হিসেবে নোঙর করল।

গতকাল দুপুরে সিঙ্গাপুর থেকে আসা জাহাজটিকে দ্রুত ডলফিন জেটিতে আনা হয় এবং অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি না রাখতে তেল খালাস কার্যক্রম দ্রুত শুরু করা হয়েছে। অপরদিকে গত রাতে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরেকটি জাহাজ বন্দরে ভিড়েছে। এদিকে বন্দরের বহির্নোঙরে ইতোমধ্যে এলপিজি ও এলএনজি বহনকারী আরো দুটি বড় জাহাজ অবস্থান করছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসেই জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ বন্দরে এসেছে। এর মধ্যে ১৫টি জাহাজ ছিল বিভিন্ন ধরনের জ্বালানি তেলবাহী, ৮টি এলএনজি এবং ৯টি এলপিজি বহনকারী। সংশ্লিষ্টরা বলেছেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও জ্বালানি আমদানির এই ধারা পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিপিসির কর্মকর্তারা বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। পাইপলাইনে আরো তেলবাহী জাহাজ রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি করে পরিস্থিতি সামাল দিচ্ছে। আতঙ্কিত হয়ে পেনিক বায়িং না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধদেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : এলজিআরডি প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে অপহরণের ৮ ঘণ্টা পর প্রকৌশলীকে উদ্ধার