৫৯ রানেই গুটিয়ে গেল চট্টগ্রাম ময়মনসিংহ জিতলো ২৫১ রানে

জাতীয় ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:৪৭ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের আগের রাউন্ডেও পয়েন্ট তালিকার শীর্ষে ছিল চট্টগ্রাম বিভাগ। সেই দলই এবার বাজেভাবে হেরে আসরে প্রথম পরাজয়ের স্বাদ পেল। গতকাল সোমবার সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে পেসার আসাদুল্লাহ গালিব এবং অধিনায়ক শুভাগত হোমের অলরাউন্ড নৈপুণ্যে জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরে প্রথম জয়ের দেখা পায় ময়মনসিংহ বিভাগ। চতুর্থ রাউন্ডের ম্যাচে ময়মনসিংহ ২৫১ রানের বড় ব্যবধানে হারিয়ে দেয় চট্টগ্রাম বিভাগকে। চলতি আসরে প্রথম তিন রাউন্ডই ড্র করেছিল ময়মনসিংহ। লিগে ৪ ম্যাচে প্রথম জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠল ময়মনসিংহ। সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে ২৮৮ রান করে ময়মনসিংহ। জবাবে ২১০ রানে অলআউট হয় চট্টগ্রাম। প্রথম ইনিংস থেকে ৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৮২ রান করেছিল ময়মনসিংহ। ফলে ৮ উইকেট হাতে নিয়ে ১৬০ রানে এগিয়ে ছিল তারা। তৃতীয় দিন চট্টগ্রামের ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার আশরাফুল ইসলাম রোহানের দুর্দান্ত বোলিংয়ে ২৩২ রানে অলআউট হয় ময়মনসিংহ। ২৪ ওভার বল করে ৭৩ রানে ৬ উইকেট নেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন রোহান। আগের দিন ৬ রানে অপরাজিত থাকা আজিজুল হাকিম দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন। এছাড়া আল আমিন ৩১, মাহফিজুল ইসলাম ৩৬ ও মোহাম্মদ নাইম ৩৩ রান করেন।

৩১১ রানের টার্গেটে খেলতে নেমে ময়মনসিংহের গালিব ও শুভাগতর তোপে ২০.১ ওভারে ৫৯ রানে অলআউট হয় চট্টগ্রাম। দলের হয়ে মাত্র তিন ব্যাটার দুই অংক স্পর্শ করেছে। অধিনায়ক শাহাদাত হোসেন ১১, শামিম হোসেন ১৩ ও ইরফান শুক্কুর ১০ রান করেন। এটা জাতীয় লিগের ইতিহাসে তাদের সর্বনিম্ন দলীয় স্কোর। জাতীয় লিগে তাদের আগের সর্বনিম্ন ছিল ২০১১ সালে ৭২। গালিব ১০ ওভারে ২১ রানে ৬ উইকেট শিকার করেন। ১৩ ম্যাচের প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই সেরা বোলিং ফিগার গালিবের। ২৬ রানে ৩ উইকেট নেন শুভাগত। ম্যাচে ৭ উইকেট ও ৫৪ রান করায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন শুভাগত হোম।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার পোমরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধজাতীয় বাস্কেটবলে নৌবাহিনী চ্যাম্পিয়ন