এবার খেলোয়াড়দের সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান নারী অ্যাথলেটদের নিরাপত্তা এবং জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে সরকারের নানামুখী পরিকল্পনা নিচ্ছে।
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ৫০০ জন জাতীয় পর্যায়ের খেলোয়াড়কে প্রাথমিক পর্যায়ে সরকারি বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’ জনপ্রিয় খেলা ক্রিকেট–ফুটবল ছাড়াও অন্যান্য ডিসিপ্লিনের ক্রীড়াবিদদেরও বেতন কাঠামোতে আনতে চান আমিনুল। তিনি বলেন, ‘এর মধ্যে ফুটবল, ক্রিকেট ছাড়াও আর্চারি, শুটিং, ভলিবল, বক্সিং, ভারোত্তোলন ও টেবিল টেনিসের মতো সব ধরনের খেলার অ্যাথলেটরা অন্তর্ভুক্ত থাকবেন।’












