সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার সময় ছেড়ে যায় ৪৫ জন যাত্রীবাহী একটি সার্ভিস ট্রলার। ঘাট থেকে ১০ মিনিট যাওয়ার পর সার্ভিস ট্রলারের পাখা ও শেপ ভেঙে যায়। ফলে ট্রলারটি বিকল হয়ে ভাসতে থাকে নদীতে। এসময় চট্টগ্রামের কুমিরা থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া স্টিমার এম.ভি আইভি রহমান ও লালবোটে করে বিকল হওয়া ট্রলার থেকে যাত্রীদের নিয়ে আসা হয়।
একদিকে বাতাস আর অন্যদিকে বৃষ্টি হওয়ায় মঙ্গলবার নদী অন্যদিনের চেয়ে কিছুটা উত্তাল ছিল। ফলে বিকল হওয়া ট্রলারে থাকা যাত্রীরা আতংকিত হয়ে চিৎকার করতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৪৯ সেকেন্ডের এক ভিডিও চিত্রে এ দৃশ্য দেখা যায়। বিগত ১৫ দিন ধরে দুর্ভোগ আর ভোগান্তিকে সাথে নিয়ে নৌ যাতায়াত করতে হচ্ছে সন্দ্বীপের যাত্রীদের। কখনো লালবোট থেকে নদীতে পড়ে যাওয়া আবার কখনো নদীতে ভাটা থাকায় কোমর পানি মাড়িয়ে উঠানামা করতে হয়েছে তাদের।
মঙ্গলবার স্টিমারে করে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ এসেছেন আকবর হোসেন নামে এক যাত্রী। তিনি দৈনিক আজাদীকে জানান, স্টিমারে যাত্রী ছিল অত্যধিক। সে সাথে নদীতে রুলিং ও বৃষ্টি থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। স্টিমার চট্টগ্রাম থেকে ছেড়ে আসার সময় সন্দ্বীপ থেকে তিন–চার কিলোমিটার দূরত্বে থাকা একটা সার্ভিস ট্রলার থেকে সংকেত পেয়ে তাকে স্টিমারের সাথে বেধে সন্দ্বীপ নিয়ে আসা হয়। এ যাত্রীবাহী ট্রলারটা সন্দ্বীপ থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বিকল হয়ে যায়। কুমিরা ঘাটের অন্যতম পরিচালক শামছুল আলম দলু কোম্পানি দৈনিক আজাদীকে জানান, দুপুর ১২টার সময় সন্দ্বীপ থেকে ছেড়ে যাওয়ার ১০ মিনিট পর সার্ভিস ট্রলারটির পাখা ও শেপ ভেঙে যায়। এসময় দ্রুত সন্দ্বীপ ঘাট থেকে লালবোট ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা স্টিমার করে ৪৫ জন যাত্রীকে নিরাপদে সন্দ্বীপ নিয়ে আসা হয়।







