নিবন্ধিত সব রাজনৈতিক দলকে ২০২০ সালের আর্থিক লেনদেনের বিবরণী দিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আলাদাভাবে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসির উপসচিব মো. আব্দুল হালিম খান। খবর বিডিনিউজের।
তিনি জানান, ৩১ জুলাইয়ের মধ্যে আর্থিক বিবরণী নিরীক্ষা করে নির্ধারিত ছকে ২০২০ পঞ্জিকা বছরের হিসাবের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইসির এই কর্মকর্তা জানান, নিবন্ধিত ৩৯ দলের এখন পর্যন্ত কোনটি ২০২০ সালের প্রতিবেদন জমা দেয়নি। নির্ধারিত সময়ের আগে দেওয়ার জন্য এই চিঠি দেওয়া হল। সব দল ২০১৯ সালের অডিট রিপোর্ট জমা দিয়েছে উল্লেখ করে তিনি জানান, এই কারণে কোনো দলকে এবার সতর্ক করতে হয়নি।









