পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে প্রায় দুই কোটি ৫০ হাজার টাকা মূল্যের ৩৬ হাজার ৩০০ পিস ইয়াবা এবং ১৮.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব–০৭। গত ২২ জানুয়ারি বুধবার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন পূর্ব ফরিদা পাড়া এবং ফেনী সদর থানাধীন রামপুর এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। গত বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব–৭। গ্রেপ্তারকৃতরা হলো– খুশি আক্তার প্রকাশ খুশিদা আক্তার (২৫)। সে কক্সবাজার সদর পান বাজার রোড এলাকার আব্দুর রহমানের মেয়ে। চান্দগাঁও থানাধীন পূর্ব ফরিদা পাড়া এলাকার খুশিদার বাসার বেড রুমের খাটের নিচ থেকে ৩৬ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে, ফেনীর সদর রামপুর থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৮.৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় ফেনী দাগনভূইয়া এলাকার নুর নবী হোসেনের ছেলে মোশারফ (২৩)-কে। এ সময় মাইক্রোবাসটিও জব্দ করা হয়।











