৩৬ ঘণ্টার ব্যবধানে রাউজানে এবার এক যুবদল কর্মী খুন হয়েছেন। গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে একদল সন্ত্রাসী নাছির উদ্দিন মধু নামে এই যুবদল কর্মীকে ব্রাশফায়ার করে নাড়িভুড়ি বের করে দিয়ে পালিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উপজেলার কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শমশের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, যুবদল কর্মী নাছির স্থানীয় একটি দোকানে কয়েকজনকে নিয়ে আড্ডা শেষে বের হয়ে যাওয়া পথে অজ্ঞাতনামা একদল সন্ত্রাসী হঠাৎ তার ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ে। ব্রাশফায়ারে তার নাড়িভুড়ি বের হয়ে যায়। সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক মো. সাজ্জাদ হোসেন তখন নাছিরের অবস্থা সংকটাপন্ন বলে জানান।
নাছিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। তিনি নাছিরকে যুবদলের সক্রিয় কর্মী দাবি করে এই হত্যাকাণ্ডের জন্য আলম বাহিনীর সন্ত্রাসীদের দায়ী করেন এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
সূত্র আরো জানায়, গাছ, বালু, মাটির ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে গত দেড় বছর ধরে কদলপুর ও পাশ্ববর্তী এলাকায় দুটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। তাদের মধ্যে প্রায়ই গোলাগুলি চলে। স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়লে তারা পাহাড়ে আত্মগোপন করে। নাছিরের সাথে একটি গ্রুপের যোগাযোগের অভিযোগ রয়েছে। স্থানীয়দের ধারণা প্রতিপক্ষ গ্রুপ এই হামলা চালিয়েছে।
রাউজান থানায় কেউ ফোন রিসিভ না করায় এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে বাবলু নামে এক বিএনপি সমর্থক খুন হওয়ার ৩৬ ঘণ্টার ব্যবধানে আরেকটি খুনের ঘটনা ঘটল রাউজানে।














