চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের আয়োজনে ৩য় সিইউএসডি জাতীয় বিতর্ক উৎসবের ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিবিএ অনুষদ অডিটোরিয়ামে এই চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
ফাইনাল পর্বে আন্তঃস্কুল, আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় এই তিনটি পর্যায়ে চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। আন্তঃস্কুল পর্যায়ে সরকারি দলের হয়ে বিতর্ক করেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বিরোধী দলের হয়ে বিতর্ক করেন ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আন্তঃকলেজ পর্যায়ে সরকারি দলের হয়ে বিতর্ক করেন চট্টগ্রাম কলেজ ডিবেটিং সোসাইটি এবং বিরোধী দলের হয়ে বিতর্ক করেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং সোসাইটি। আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে সরকারি দলের হয়ে বিতর্ক করেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং বিরোধী দলের হয়ে বিতর্ক করেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।
প্রতিযোগিতা শেষে আন্তঃস্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আন্তঃকলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম কলেজ এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন মার্কেটিং ডিপার্টমেন্ট প্রফেসর ড. ফুয়াদ হাসান। অতিথি ছিলেন সিইউএসডি–এর মডারেটর ও মার্কেটিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা। বিচারক প্যানেলে ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রভাষক মো. মাহবুবুর রহমান এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশন সভাপতি অধ্যাপক সাইফুদ্দিন মুন্না। উপস্থিত ছিলেন ইপসার প্রজেক্ট অফিসার (মিল) এস এম শাহরিয়ার আলম। চ্যাম্পিয়ন ও রানারআপ দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে সমাপ্ত হয় দুই দিনব্যাপী ইপসা সিইউএসডি জাতীয় বিতর্ক উৎসব।












