২৮ জন নিয়ে সিঙ্গাপুর ও ভিয়েতনাম ম্যাচের ক্যাম্প

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে শেষ ম্যাচ এবং তার আগে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে আজ সোমবার প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। এই দুই ম্যাচের জন্য গতকাল রোববার ২৮ জনের দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী অবশ্য ক্যাম্পের দলে নেই। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে বাংলাদেশ। হামজা সেখানে গিয়ে যোগ দিবেন দলের সঙ্গে। ঢাকায় অনুষ্ঠেয় ক্যাম্পের দলে চোট কাটিয়ে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে সবশেষ লালসবুজের জার্সিতে খেলেছিলেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। ক্যাম্পের দলে একেবারেই নতুন মুখ ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার ইশাক আকন্দ। চলতি বাংলাদেশ ফুটবল লিগে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকা ব্রাদার্সের পোস্টে নিয়মিত ইশাক। ২৩ বছর বয়সী এই গোলকিপার লিগে ৯ ম্যাচ খেলেছেন। দলে জায়গা মেলেনি কিউবা মিচেলের। গত বছর নভেম্বরে নেপালের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডারের। বেতন না পাওয়ায় বসুন্ধরা কিংস ছেড়ে তিনি গত ফেব্রুয়ারিতে যোগ দেন ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব গ্লস্টার সিটিতে। এশিয়ান কাপের বাছাইয়ে পাঁচ ম্যাচে একটি জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিঙ্গাপুর।

ক্যাম্পের দল: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, ইসহাক আকন্দ, কাজী তারিক রায়হান, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মনজুরুর রহমান, ইসা ফয়সাল, কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, শোমিত সোম, আরমান ফয়সাল, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম ও সুমন রেজা।

পূর্ববর্তী নিবন্ধফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
পরবর্তী নিবন্ধআবেদিনের প্রথম, নোয়াপাড়া লায়ন্স ক্লাবের তৃতীয় জয়