চলতি বছরের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন ঘোষিত তালিকায় মোট ২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। আগেই জানা গিয়েছিল, এবার আর এ প্লাস ক্যাটাগরি রাখা হচ্ছে না। ফলে ‘এ’ গ্রেডই হচ্ছে সর্বোচ্চ স্তর। ‘এ’ গ্রেডে মাসিক ৮ লাখ টাকা বেতনে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে। বিগত সময়ে জাতীয় দলে ধারাবাহিক পারফরম্যান্স ও নেতৃত্বের ভূমিকাই তাদের এই অবস্থানের কারণ। ‘বি’ গ্রেডে মাসিক ৬ লাখ টাকা বেতনে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও শেখ মাহেদী হাসান। ‘সি’ গ্রেডে ৪ লাখ টাকা বেতনে রাখা হয়েছে সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিবকে। অন্যদিকে, ‘ডি’ গ্রেডে ২ লাখ টাকা বেতনে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান ও শামীম হোসেন। এবারের চুক্তিতে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। একই সঙ্গে আগের তালিকা থেকে বাদ পড়েননি কেউ। সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শামীম হোসেন আবারও কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন।











