কক্সবাজারের টেকনাফে ২৭ কেজি ওজনের একটি পোয়া মাছ ধরা পড়েছে; যার বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিকেল সুতা তৈরি হয়। গতকাল মঙ্গলবার ভোরে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এফবি এ এম নামে ফিশিং ট্রলারের জেলেরা মাছটি ধরেন। দুপুর সাড়ে ১২টার দিকে মাছটি মিস্ত্রীপাড়া ফিশারি ঘাটে নেওয়া হয়। এর দাম হাঁকানো হয়েছে সাড়ে সাত লাখ টাকা। খবর বিডিনিউজের।
স্থানীয়রা মাছটিকে ‘কালা পোপা’ নামে চিনলেও এর বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Mycteroperca bonaci) বলে টেকনাফের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জানিয়েছেন।
মাছ ব্যবসায়ী আব্দুর রহমান জানান, স্থানীয় এক জেলের জালে ২৭ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ’কালা পোপা’ ধরা পড়েছে। মাছটির দাম ধরা হয়েছে সাড়ে সাত লাখ টাকা। তবে মাছটির দাম সাড়ে চার লাখ টাকা পর্যন্ত উঠেছে জানিয়ে তিনি বলেন, ন্যায্যমূল্য না পাওয়ায় মাছটি কক্সবাজারে বিক্রির জন্য পাঠানো হচ্ছে। এফবি এ এম ফিশিং ট্রলারের মাঝি মোহাম্মদ হাসু বলেন, সোমবার সকালে মাছ ধরার জন্য শাহপরীর দ্বীপ থেকে নয়জন মাঝি বঙ্গোপসাগরে রওনা হই।
মঙ্গলবার ভোরে জাল ওঠাতে গিয়ে কয়েকটি লাল কোরালসহ বড় একটি ‘কালা পোপা’ ধরা পড়ে। বিষয়টি ট্রলারের মালিককে জানালে তিনি ঘাটে চল আসতে বলেন। মাছটি পেয়ে জেলেরা খুব খুশি বলে জানান হাসু।
২৭ কেজি ওজনের পোপা মাছের খবরটি শুনেছেন বলে জানান টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, এত বড় পোপা মাছ সাধারণত ধরা পড়ে না। মাছটির বায়ুথলি বা এয়ার ব্লাডার দিয়ে বিশেষ ধরনের সার্জিকেল সুতা তৈরি করা যায় বলে বিশ্বে এর ব্যাপক চাহিদা।













