২৬ মার্চ ঘিরে রাঙ্গুনিয়ায় প্রস্তুতি সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস২০২৬ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। সভায় ২৬ মার্চ দিবসের প্রথম প্রহর থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত থেকে দিবসটি সফল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরমান হোসেন ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ হিলাল উদ্দিন আহমেদ। সরকারি কর্মকর্তাদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিপি রানী গোপ এবং একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ মিয়া ও প্রমোদ বরণ বড়ুয়া। এছাড়া সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, শিক্ষক মোহাম্মদ মোর্শেদ আলম ও স্কাউট লিডার আনন্দ বড়ুয়া। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আলী নূর এবং পৌরসভা বিএনপি নেতা হেলাল উদ্দিন শাহ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, মহান স্বাধীনতা দিবস জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। এই দিবসটি সরকারি কর্মসূচির সাথে মিল রেখে রাঙ্গুনিয়ায় অত্যন্ত উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। তিনি সকল দপ্তর ও প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে চোরাই গরুসহ ২ চোর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ১০ মামলার আসামি সম্রাট দুই সহযোগীসহ গ্রেপ্তার