২০ লাখ টাকা চাঁদা দাবি, সন্তানদের তুলে নেওয়ার হুমকির অভিযোগ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪৫ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী থানায় ২০ লাখ টাকা চাঁদা দাবি ও সন্তানদের তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাহফুজা খানম রুনা (৪৭) নামে এক নারী। স্বামী মাকসুদুর রহমানের মোবাইল ফোনে কল করে ডেভিড ইমন, রায়হান এবং বড় সাজ্জাদের লোক পরিচয়ে এ হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী বায়েজিদ বোস্তামী থানার মোজ্জাফর নগর এলাকার বাসিন্দা।

জিডিতে মাহফুজা খানম রুনা উল্লেখ করেন, গত ২৩ দিন ধরে ‘ডেভিড ইমন’, ‘রায়হান’ ও ‘বড় সাজ্জাদ’এর লোক পরিচয় দিয়ে বিভিন্ন নম্বর থেকে তার স্বামীর মোবাইল ফোনে কল করা হচ্ছে। ফোন করে ২০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে তার ছেলে ও মেয়েকে রাস্তাঘাট থেকে তুলে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। তারা সব সময় পরিবারের সদস্যদের নজরদারিতে রাখছেন বলেও হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানিয়েছেন মাহফুজা খানম রুনা। জিডি রেকর্ডের কথা স্বীকার করে পুলিশ জানিয়েছে, অভিযোগটি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধস্বামী ও ভগ্নিপতির বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধসমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর