নগরীর হালিশহরের ছোটপুল এলাকায় ২০ বছর আগের নূর আলম প্রকাশ বাবলু হত্যা মামলায় ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রেজাউল করিম, জয়নাল আবেদীন, আবদুল্লাহ, মো. সেলিম, আবুল কাশেম, সালাউদ্দিন, মো. সোলায়মান, রেজাউল করিম রেজা ও হারুন অর রশিদ।
আদালতের অফিস সহকারী মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, অপর একটি ধারায় ৯ আসামিকে ১০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডও দেয়া হয়েছে। তবে উভয় ধারার দণ্ড একসঙ্গে কার্যকর হবে। তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করা হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ১৫ সেপ্টেম্বর নগরের বন্দর থানাধীন হালিশহর ছোটপুল এলাকার সমবায় সিঙ্গাপুর মার্কেটের পাশের রাস্তা থেকে নূর আলম প্রকাশ বাবলুকে অপহরণের পর হত্যার ঘটনাটি ঘটে। পরে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা আয়শা আক্তার লাকী বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে তিনি বাবলুকে বিভিন্ন বাহিনীর সোর্স হিসেবে দাবি করেন। মামলাটির তদন্ত কার্যক্রম শেষ করে ২০০৬ সালের ২৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরবর্তীতে ২০০৮ সালের ৫ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।












