২০২৩ সালের এসএসসি এইচএসসিও সংক্ষিপ্ত সিলেবাসে

পরীক্ষা হবে সব বিষয়ে

| সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৪২ পূর্বাহ্ণ

দুই দিন আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি আগামী বছরের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে নেওয়ার কথা জানালেও এখন সেই কমিটি বলছে, ২০২৩ সালের এসএসসি পরীক্ষাও এ বছরের মতো পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে হবে। পরিবর্তন আসবে পরীক্ষার বিষয়, নম্বর, সময়-সবকিছুতেই। এইচএসসি পরীক্ষাও হবে একই ধরনে। খবর বিডিনিউজের।
২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরুর দিন বৃহস্পতিবার কেন্দ্র পরিদর্শনে গিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি তপন কুমার সরকার জানিয়েছিলেন, আগামী বছরের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে নেওয়া হবে। গতকাল রোববার তপন কুমার সরকারের সই করা কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।
করোনাভাইরাস মহামারীর কারণে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে থাকায় গত বছরের মতো এবারও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি দেওয়া হয়েছিল। তাতে নম্বর কমিয়ে ৩ ঘণ্টার পরীক্ষার জন্য বরাদ্দ রাখা হয়েছে দুই ঘণ্টা। কয়েকটি বিষয়ে পরীক্ষা না নিয়ে মূল্যায়ন করা হবে আগের পরীক্ষার ফলের ভিত্তিতে। তবে মহামারী পরিস্থিতির উন্নতি হওয়ায় ২০২৩ সালে সব বিষয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল সরকার।

পূর্ববর্তী নিবন্ধসাত সপ্তাহ পর করোনার রোগী ছাড়াল ৫শ
পরবর্তী নিবন্ধপরিত্যক্ত কোয়ার্টারে মিলল নিখোঁজ শিশুর মরদেহ