১৫ থানায় তদারকি কমিটি ‘চূড়ান্ত’ তালিকা যাবে কেন্দ্রে

নগর আওয়ামী লীগ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৭:২৫ পূর্বাহ্ণ

 

 

নগর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ডসমূহকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করে সম্মেলন উপযোগী করে তোলার পাশাপাশি সৃষ্ট বিরোধ নিরসনে ১৫ থানার জন্য গঠিত সাংগঠনিক তদারকি কমিটি চূড়ান্ত করা হয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের রিভিউ কমিটির গত ২১ জানুয়ারির প্রথম সভায় নগরীর ১৫ থানার সমস্যা সমাধানে ১৫টি সাংগঠনিক তদরকি কমিটির খসড়া করা হয়। গতকাল এই খসড়া কমিটি চূড়ান্ত করা হয়েছে বলে জানান নগর আওয়ামীলীগের এক নেতা। কমিটিতে নগর আওয়ামী লীগের এক শীর্ষ নেতাকে আহ্বায়ক, তিনজনকে সদস্য করার পাশাপাশি সংশ্লিষ্ট থানাধীন সংসদ সদস্যকেও কমিটিতে রাখা হয়েছে।

সভায় উপস্থিত আওয়ামীলীগের দুই নেতা জানান, প্রস্তাবিত তদারকি কমিটির তালিকাগুলো চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের কাছে জমা দেয়া হবে। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী এই কমিটি কাজ করবে বলে জানা গেছে। এই ব্যাপারে নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক আজাদীকে জানান, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে নগরীর ১৫ থানাকে সাংগঠনিক ভাবে গতিশীল ও বেগবান করার লক্ষে গঠিত ১৫টি সাংগঠনিক তদারকি কমিটি প্রায় ফাইনাল করা হয়েছে। কোন থানায় কাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে রোববার (আজ) জানাবো। ২৬ ও ২৭ জানুয়ারি এসব কমিটি সংশ্লিষ্ট থানা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। প্রতিটি কমিটিতে পাঁচজনকে রাখা হয়েছে। যার মধ্যে সংশ্লিষ্ট থানার সংসদ সদস্যও আছেন।

সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে তার বহদ্দারহাটস্থ বাসভবনে রিভিউ কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের থানা, ওয়ার্ড ও ইউনিট সম্মেলন নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনে গত ১৬ জানুয়ারি কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকায় মহানগর আওয়ামীলীগের শীর্ষ নেতাদের বৈঠকে নগর আওয়ামীলীগের ৬ শীর্ষ নেতার সমন্বয়ে এই রিভিউ কমিটি গঠন করা হয়। এই রিভিউ কমিটির প্রথম সভা গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ঐ বৈঠকে নগরীর ১৫ থানা ও থানা সংশ্লিষ্ট ওয়ার্ড সমূহের যাবতীয় সমস্যাসমাধানের জন্য ১৫টি কমিটির খসড়া করা হয়।

পূর্ববর্তী নিবন্ধফাইজার-মডার্নার বুস্টারে ওমিক্রন থেকে ৯০% সুরক্ষা
পরবর্তী নিবন্ধশিকলবাহা ক্রসিং থেকে বাদামতল পর্যন্ত সড়কও হবে দ্বিগুণ প্রশস্ত