মানুষের ভাগ্য পরিবর্তনে ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ১২ তারিখে বাংলাদেশে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে শুধু নির্বাচন করলেই চলবে না; ১২ তারিখে নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন। এই নির্বাচন হতে হবে মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন।
গতকাল রোববার বিকালে ঢাকা–১৫ আসনে মিরপুর–১০ সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য দিচ্ছিলেন তারেক রহমান। মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি কী করতে চায়, তার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা নির্বাচনি ম্যানিফেস্টোতে গতকাল সেগুলো বলেছি। আমরা দেশের নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। কীভাবে দেশের নারীদেরকে আরো ক্ষমতায়ন করা যায়। দেশের কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড কীভাবে শক্তিশালী করা যায়, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। দেশের মানুষের স্বাস্থ্যসেবা কীভাবে উন্নতি করা যায়, সেই পরিকল্পনা গ্রহণ করছি। দেশের তরুণ যুবক সমাজের সদস্য, যারা ছেলে হোক, মেয়ে হোক; কীভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, আইসিটিসহ ভোকেশনাল বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠনের মাধ্যমে করব; সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি। খবর বিডিনিউজের।
বিএনপি চেয়ারম্যান বলেন, এই সকল পরিবর্তন যদি করতে হয়, এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়; তাহলে আমি এবং আমার দল বিএনপি আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয়। আমি আপনাদের কাছে জানতে চাই, বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে আপনাদের সামনে তার পরিকল্পনা উপস্থাপন করেছে। কিন্তু ঢাকা–১৫ অধিবাসীর কাছে জানতে চাই আপনাদের কী পরিকল্পনা ১২ তারিখে? বলুন। পথসভায় হাজার হাজার নেতা–কর্মী–সমর্থকরা সমস্বরে বলে ওঠেন, ‘ধানের শীষ, ধানের শীষ। তারেক রহমান বলেন, ‘ইনশাল্লাহ ১২ তারিখে আপনারা আপনাদের পরিকল্পনায় সফল হলে বিএনপি পর্যায়ক্রমিকভাবে যে সকল পরিকল্পনা দেশের মানুষের জন্য গ্রহণ করেছে এবং এই এলাকার মানুষের জন্য যে সকল প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, পর্যায়ক্রমে আল্লাহর ইনশাল্লাহ আমরা সেটি বাস্তবায়ন করব। বিএনপি সকল সময় বিশ্বাস করে যে, জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস। আমরা আপনাদের কাছে এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বা মানুষের ক্ষমতার বাইরে। আমরা জনগণের কাছে এমন প্রতিশ্রুতি দিতে চাই, যা আমরা বাস্তবায়ন করতে পারব।












