১২ তলার জানালার কার্নিশে আটকা গৃহকর্মী কিশোরী

এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করল ফায়ার সার্ভিস

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৪:৩৫ পূর্বাহ্ণ

নগরের মেহেদীবাগে একটি বহুতল ভবনের ১২ তলার জানালার কার্নিশে আটকা পড়া ১৩ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে গত রাত সোয়া ১০টার দিকে তাকে উদ্ধার করা হয়।

চকবাজার থানা সূত্রে জানা গেছে, ভবনটির একটি ফ্ল্যাটে ওই কিশোরীকে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতে রেখে যান তার অভিভাবক। কিন্তু কাউকে না জানিয়ে সে চলে যেতে চায়। এ সময় ভবনের দারোয়ান তাকে বাধা দেয়। পরে ওই কিশোরী ভবনের ছাদ দিয়ে পালানোর চেষ্টাকালে কার্নিশে আটকে পড়ে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক আজাদীকে বলেন, রাত ৯টা ২৫ মিনিটে মেহেদীবাগ ম্যাক্স হাসপাতালের সামনের গলির একটি ভবনের কার্নিশে একটি শিশুর আটকা পড়ার খবর পাই। সাথে সাথে টিটিএল গাড়িসহ আগ্রাবাদ থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

অভিযানে নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আজাদীকে বলেন, আনুমানিক ১২/১৩ বছরের ওই কিশোরীকে আমরা অক্ষত অবস্থায় উদ্ধার করি।

পূর্ববর্তী নিবন্ধহত্যাসহ ১৫ মামলার পলাতক আসামি খোরশেদ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅপহরণ ঘটনায় আদালত ও থানায় দুটি মামলা