আদালতে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) খারিজ হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা ১২ কোটি ৪৬ লাখ টাকার দানকর পরিশোধ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
গত মঙ্গলবার একটি পে–অর্ডারের মাধ্যমে এই অর্থ পরিশোধ করেন তিনি। সাউথইস্ট ব্যাংক লিমিটেডের মাধ্যমে এ অর্থ পরিশোধ করা হয়েছে। ড. ইউনূসের পক্ষে তাঁর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি মো. রুহুল আমিন সরকার সাউথইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখায় এ টাকা জমা দেন। পাশাপাশি বকেয়া দানকর প্রদান করে এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে কর কমিশনারকে অবহিত করেন তিনি। খবর বাসসের।
এনবিআরের কাছে লেখা চিঠিতে ড. ইউনূসের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত রুহুল আমিন সরকার বলেন, বকেয়া দানকর পরিশোধের জন্য কর অঞ্চল থেকে যে নোটিশ দেওয়া হয়, তার পরিপ্রেক্ষিতে করদাতা ড. মুহাম্মদ ইউনূস সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন। আপিল বিভাগ দানকর মামলায় হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন– যা করদাতা সংবাদমাধ্যম থেকে অবহিত হন। রায় অনুযায়ী দানকর বাবদ মোট ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬০৮ টাকা সাউথইস্ট ব্যাংকে পে–অর্ডারের মাধ্যমে পরিশোধ করেছেন ড. ইউনূস।












