সেপ্টেম্বর মাসের জন্য রান্নায় ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯৮ টাকা থেকে ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দর গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
সেপ্টেম্বরের জন্য বেসরকারি এলপিজির দাম খুচরা পর্যায়ে মূসকসহ প্রতি কেজি ১৩২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগস্টে এই দাম ছিল ১৩৩ টাকা ১৫ পয়সা। সে হিসাবে প্রতি কেজিতে দাম কমেছে ১ টাকা ৩ পয়সা। সেপ্টেম্বরের সমন্বয়ে ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, ১২ দশমিক ৫ কেজির ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজির ২ হাজার ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজির ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৩০০ টাকা এবং ৩০ কেজির ৩ হাজার ৯৬৪ টাকা করা হয়েছে। ৩৩ কেজির সিলিন্ডারের দাম ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজির ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের দাম ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে ৫৮ পয়সা কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ দাম প্রতি কেজি ১২৮ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই পদ্ধতিতে গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি লিটার শূন্য দশমিক ২৮ টাকা বা প্রতি ঘনমিটার ২৮৫ টাকা ৩০ পয়সা করা হয়েছে।












