১০ এপ্রিল চবির প্রাণরসায়ন বিভাগের রজতজয়ন্তী

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে অনুষ্ঠান। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন বিভাগের চেয়ারম্যান ও রজতজয়ন্তী অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কাঞ্চন চাকমা। এসময় উপস্থিত ছিলেন রজতজয়ন্তী অনুষ্ঠান পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ড. দ্বৈপায়ন সিকদার, অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম ও অধ্যাপক ড. সুমন মজুমদার।এসময় লিখিত বক্তব্যে অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কাঞ্চন চাকমা বলেন, ‘স্মৃতির পাতায় প্রাণের স্পন্দন, পঁচিশের গৌরবে বায়োকেমিস্টদের মেলবন্ধন’ স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হবে উৎসব। এতে বিভাগের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মহামিলন। বিগত ২৫ বছরে এই বিভাগ থেকে পাস করা কৃতী শিক্ষার্থীরা, যারা আজ দেশে ও বিদেশে চিকিৎসা, গবেষণা, জৈবপ্রযুক্তি, শিক্ষকতা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে আসীন, তারা সবাই এই উৎসবে একত্রিত হবেন। তিনি আরো বলেন, বিশেষভাবে উল্লেখযোগ্য, বিভাগের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এই অনুষ্ঠানে যোগদান করবেন এবং তাঁদের জীবনের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প বর্তমান শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন, যা নতুন প্রজন্মের প্রাণরসায়নবিদদের জন্য এক অমূল্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্‌ফোরকান। বিশেষ অতিথি থাকবেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য ও বিভাগটির অধ্যাপক ড. আতিয়ার রহমান। এছাড়া অতিথি হিসেবে থাকবেন উপউপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি) উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।

পূর্ববর্তী নিবন্ধআনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধআইআইইউসি’র পরিবহন বিভাগের সাবেক পরিচালকের বিদায় সংবর্ধনা