হোয়াইট হাউজের নৈশভোজে গুলি,সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

হামলার সঙ্গে ইরানের সম্পর্ক নেই : ট্রাম্প একই হোটেলে গুলিবিদ্ধ হয়েছিলেন প্রেসিডেন্ট রিগ্যান

| সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ৭:১৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সাংবাদিক সমিতির নৈশভোজে গুলির ঘটনা ঘটেছে। সশস্ত্র এক ব্যক্তি নিরাপত্তা বলয় ভেঙে ঢোকার চেষ্টা করে গুলি ছোড়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস এজেন্টরা। গত শনিবার রাতে কানেকটিকাট অ্যাভিনিউয়ের ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত এই নৈশভোজে ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও উপস্থিত ছিলেন। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে তাদেরসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। পরে কর্তৃপক্ষ নিশ্চিত করে, সবাই নিরাপদ আছেন।

একজন এফবিআই কর্মকর্তা রয়টার্সকে জানান, হামলাকারী শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক এজেন্টকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এজেন্টটি বুলেটপ্রুফ ভেস্ট পরিহিত থাকায় প্রাণে বেঁচে যান, যদিও তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

ঘটনার পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, একজন গুলিবর্ষণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সিক্রেট সার্ভিস অসাধারণ কাজ করেছে। পরে হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা তা নিষ্ক্রিয় করে। তিনি আরও বলেন, আমার ধারণা, আমিই লক্ষ্য ছিলাম। তবে এ হামলার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি। একই সুরে ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যানশে বলেন, হামলাকারী প্রশাসনের সদস্যদের লক্ষ্য করেই হামলা চালাতে পারে, যার মধ্যে প্রেসিডেন্টও ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনের নাম কোল টমাস অ্যালেন (৩১)। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা এবং লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনযোগে শিকাগো হয়ে ওয়াশিংটনে আসেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, তিনি ওই হোটেলের একজন অতিথি ছিলেন এবং তার কাছে শটগান, হ্যান্ডগান ও একাধিক ছুরি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একাই হামলা চালিয়েছেন। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, অ্যালেন ‘সি২ এডুকেশন’ নামের একটি প্রাইভেট টিউটরিং প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কাজ করতেন এবং ২০২৪ সালে ‘মাসের সেরা শিক্ষক’ নির্বাচিত হন। তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ভিডিও গেম ডেভেলপার হিসেবেও কাজ করতেন। নির্বাচনী তহবিলের রেকর্ড অনুযায়ী, ২০২৪ সালের নির্বাচনে তিনি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের প্রচারে ২৫ ডলার অনুদান দিয়েছিলেন। তদন্তকারীরা তার ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে হামলার উদ্দেশ্য খুঁজছেন। আজ সোমবার তার বিরুদ্ধে ফেডারেল আদালতে অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ঘটনাস্থলে থাকা বিবিসির সাংবাদিকরা জানান, গুলির শব্দ শোনার পর অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন। কেউ কেউ বুকে হেঁটে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। পুরো অনুষ্ঠানস্থলে কয়েক মিনিটের মধ্যে চরম বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

রিগ্যান হামলার স্মৃতি ফিরে এলো : এই ঘটনাটি নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে ১৯৮১ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে হত্যাচেষ্টার ঘটনা। একই ওয়াশিংটন হিলটন হোটেলের বাইরে ১৯৮১ সালের ৩০ মার্চ রিগ্যানের ওপর গুলি চালান জন হিঙ্কলি জুনিয়র। সেই হামলায় রিগ্যান গুরুতর আহত হন, একটি গুলি তার ফুসফুসে ঢুকে যায়। দ্রুত জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। একই ঘটনায় প্রেস সেক্রেটারি জেমস বার্ডিসহ আরও কয়েকজন আহত হন। ব্র্যাডি গুরুতর মস্তিষ্কে আঘাত পেয়ে দীর্ঘদিন পঙ্গু অবস্থায় ছিলেন এবং পরবর্তীতে ২০১৪ সালে মারা যান।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ তিন প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে
পরবর্তী নিবন্ধদিনভর গরমের পর সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি