হেলদি সিটি গড়তে রেড ক্রিসেন্টকে ভূমিকা রাখতে হবে : মেয়র

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪১ পূর্বাহ্ণ

হেলদি ও মানবিক নগর হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে রেড ক্রিসেন্ট সোসাইটিকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি গত মঙ্গলবার টাইগারপাসের কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. হালিদা হানুমের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে মেয়র এ আহ্বান জানান। তিনি বলেন, মানবিক সেবা, স্বাস্থ্য সচেতনতা ও দুর্যোগ ব্যবস্থাপনায় রেড ক্রিসেন্টের অভিজ্ঞতা ও সক্ষমতা চট্টগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে রেড ক্রিসেন্টের সদস্যরা সবসময় সমাজের বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

দুর্যোগকালীন সহায়তা, স্বাস্থ্যসেবা, রক্তদান, প্রাথমিক চিকিৎসা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে রেড ক্রিসেন্টের অবদান প্রশংসনীয়। ভবিষ্যতেও এই ঐতিহ্য বজায় রেখে রেড ক্রিসেন্ট চট্টগ্রামবাসীর সেবায় আরো সক্রিয় ভূমিকা রাখবে।

একটি হেলদি সিটি গড়ে তুলতে শুধু অবকাঠামো উন্নয়ন নয়, স্বাস্থ্য সচেতনতা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, পুষ্টি ও মানবিক মূল্যবোধ, এই সবকিছুর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে রেড ক্রিসেন্টের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশন যৌথভাবে কাজ করতে আগ্রহী। প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা দিতে চসিক সবসময় প্রস্তুত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ডা. হালিদা হানুম বলেন, চসিকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম আরও সমপ্রসারণ করা সম্ভব। তিনি চট্টগ্রামকে হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম, ডেপুটি সেক্রেটারি মেজর (অব.) রেজা আহমেদ, চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম বাকি মাসুদ, সিডিএর বোর্ড সদস্য জাহিদুল করিম কচি, ডা. এসএম সারোয়ার আলম, সদস্য ফারহানাজ মাবুদ, নিজামুল আলম, জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, আব্দুর রহিম, রেড ক্রিসেন্ট ইয়ুথ কমিটির মো. সাহাফ, তানজুম, নিজাম উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ধর্মসভা
পরবর্তী নিবন্ধইউএসটিসির জানুয়ারি সেশনের সেন্ট্রাল ওরিয়েন্টশন প্রোগ্রা