ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দলের জয় নিশ্চিত হলেও আলোচনার কেন্দ্রে এসেছে একঝাঁক পরিচিত মুখের পরাজয়। জাতীয় রাজনীতি, টকশো, আন্দোলন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার কারণে তাদের ঘিরে আলোচনা ছিল অনেক। কিন্তু মাঠের ভোটের হিসাব বলছে ভিন্ন কথা। অনেক চেষ্টা সত্ত্বেও হেরে গেছেন অনেকেই। তরুণদের মধ্যে পরিচিত এই মুখ নির্বাচনের আগে আলোচনায় ছিলেন।
পঞ্চগড়–১ আসনে এনসিপি নেতা সারজিস আলমকে হারিয়ে বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। স্বাস্থ্য খাতে সক্রিয়তা ও সামাজিক উপস্থিতি থাকলেও নির্বাচনি মাঠে দলীয় কাঠামো ও স্থানীয় সমীকরণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ঢাকা–৯ আসনে সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। এই আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
ঢাকার সবচেয়ে বেশি আলোচিত প্রার্থী ছিলেন ঢাকা–৮ আসনের প্রার্থী এনসিপির নাসীরউদ্দীন পাটওয়ারী। মির্জা আব্বাস আর নাসীরউদ্দীন পাটওয়ারীর ভোটের প্রচারণার নানা কথা সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী ৫ হাজারের বেশি ভোটে হেরেছেন। বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।
বিপুল ভোটের ব্যবধানে সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির হেরে গেছেন। টেলিভিশন বিতর্ক ও রাজনৈতিক বক্তব্যে সক্রিয় থাকলেও ভোটের মাঠে সাংগঠনিক শক্তির ঘাটতি স্পষ্ট হয় ব্যারিস্টার ফুয়াদের। বরিশাল–৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ পার্টির আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ)।
দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও নিজ আসনে সমীকরণ মেলাতে পারেননি মজিবুর রহমান মঞ্জু। ফেনী–২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকে হারিয়ে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন।
ধর্মভিত্তিক রাজনীতিতে প্রভাবশালী হলেও ভোটের অঙ্কে সেই প্রভাব পুরোপুরি প্রতিফলিত হয়নি। ঢাকা–১৩ আসনে (মোহাম্মদপুর–আদাবর–শ্যামলী) বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ।
এদিকে দলীয়ভাবে পরিচিত মুখ হলেও আসন ধরে রাখতে ব্যর্থ হন গোলাম পরওয়ার। খুলনা–৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেরে গেছেন। বগুড়া–২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি প্রত্যাশিত ফল করতে পারেননি। কেটলি প্রতীকে ভোট পাওয়ার সংখ্যা মাত্র ৩ হাজার ৪২৬। ফলে তিনি জামানত হারিয়েছেন।
ঢাকা–১২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী সাইফুল আলম। বিএনপি জোট সমর্থিত প্রার্থী সাইফুল হককে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে জয় পেয়েছেন তিনি। ঢাকা–১৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হককে হারিয়ে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আব্দুল বাতেন।












